যে কারণে বাংলাদেশি যুবককে বিয়ে করেন পাকিস্তানি ভ্লগার

Written by

in

ভালোবাসার টানে দুই দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবরটি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি। এবার জানালেন, কেন বাংলাদেশিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে রুবিনা লেখেন, হ্যাঁ, আমি একজন বাংলাদেশি পুরুষকে বিয়ে করেছি। প্রথমবার বাংলাদেশে যাওয়ার সময় মা আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন, সেখানে যেন আমি মারা না যাই বা বিয়ে না করি। কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময়ই আমাদের পরিকল্পনার চেয়ে বড়। তিনি জানতেন, আমি বাংলাদেশকে কতটা ভালোবাসি এবং নিজের শিকড়ের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত অনুভব করি। 

তিনি আরও জানান, তার স্বামী রকিবুল হাসান বাংলাদেশের রংপুরের বাসিন্দা এবং বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাদের লাহোরে বিয়ে সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশের সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরে রুবিনা লেখেন, বিয়ের দিন শাড়ি পরেছিলাম বাংলাদেশের সংস্কৃতিকে বরণ করে নেওয়ার জন্য। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশকে আরও কাছাকাছি আনার সৌন্দর্য উদ্‌যাপন করতেই এই পোশাক বেছে নিয়েছি। 

তিনি আরও জানান, তার মা এই বিয়ে নিয়ে খুবই খুশি ও সন্তুষ্ট। বাবা আবেগাপ্লুত হলেও আনন্দিত। খুব শিগগিরই বাবা-মাকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রুবিনা মারুফের পরিবারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই পারিবারিক শিকড়ের টান এবং বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাই নতুন পোস্টে তুলে ধরেছেন পাকিস্তানি এই ভ্লগার।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *