মারকুটে রূপে ফিরছেন মেহজাবীন

Written by

in

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

বুধবার (৪ মার্চ) দুপুরে সিরিজটির টিজার প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেয়।  কারণ এতে অ্যাকশন অবতারে দেখা গেছে ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। তার এই রূপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা।

সিরিজটি নিয়ে মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হল অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড ও তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

আরও পড়ুন
আরও পড়ুন

সাধারণত ড্রামা বা রোম্যান্টিক চরিত্রে দেখা গেলেও ‘ক্যাকটাস’-এর টিজারে তাকে দেখা গেছে একদম মারকুটে ও অ্যাকশন লুকে। সামাজিকমাধ্যমে তার এই অ্যাকশন দৃশ্যের স্ক্রিনশট ও ক্লিপ শেয়ার করে দর্শকরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। এর কারণ মেহজাবীনকে সাধারণত এমন রূপে আগে দেখা যায়নি। মেহজাবীন নিজেও জানিয়েছেন, এই সিরিজের ‘অনুরা’ চরিত্রটির জন্য তিনি প্রথমবারের মতো বড় পরিসরে অ্যাকশন শিখেছেন।

প্রসঙ্গত, ‘ক্যাকটাস’-এর গল্পের কেন্দ্রে রয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকার, যার চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। টিজারে তাকে একজন কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রের এক বিশেষ সংকট মোকাবিলায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।

চরিত্রটি প্রসঙ্গে প্রীতম জানান, তার অভিনীত এই চরিত্রটির একটি দীর্ঘ জার্নি ও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে যা দর্শকদের পছন্দ হবে।

এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম প্রমুখ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *