Home / Entertainment / বিচ্ছেদের ইঙ্গিত সুদীপের স্ত্রী পৃথার, যা বললেন অভিনেতা

বিচ্ছেদের ইঙ্গিত সুদীপের স্ত্রী পৃথার, যা বললেন অভিনেতা

মাসখানেক ধরেই সংসারে ভাঙনের সুর বাজছে টালিউডের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর। সামাজিক মাধ্যমে ভেসে উঠছিল এমন কিছু বার্তা, যা দম্পতির সংসার বিচ্ছেদকে ইঙ্গিত করে। এ বিষয়ে একটি গণমাধ্যম একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিল সুদীপের সঙ্গে। তিনি প্রসঙ্গ এড়িয়ে গেছেন। গতকাল শনিবার ( ৫ এপ্রিল) সন্ধ্যায় অবশেষে প্রকাশ্যে আসে সব কিছু। 

সামাজিক মাধ্যমে একটি পোস্টে সুদীপপত্নী পৃথা লিখেছেন, আমি ও সুদীপ আর দম্পতি নই। আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন। আগামীতে আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকব। এ খবর জেনে আকাশ থেকে পড়েছেন সুদীপ। এ অভিনেতা বলেন, আমি শুটিংয়ে ব্যস্ত। বিন্দুবিসর্গ বুঝতে পারছি না। পৃথা এটা কী করেছে? আমি নিজেই জানি না।

সুদীপ এ মুহূর্তে ব্যস্ত তার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ নিয়ে। তারই ফাঁকে কখনো লিখেছেন— ‘ডিটাচমেন্ট’, আবার কখনো লিখেছেন— ‘হতে দাও’। তখনই কি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন? তারই কি আভাস ছিল এ বার্তাগুলোতে?

অভিনেতা বলেন, সমস্যা সবার জীবনেই কমবেশি থাকে। আমারও আছে। এ নিয়ে বেশি কিছু বলা মানায় না। পাশাপাশি এও জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে তারা এখনো এক ছাদের নিচে আছেন। তার প্রমাণ অভিনেতার সামাজিক মাধ্যমে রয়েছে। কখনো তিনি সপরিবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ছবি বানিয়ে শেয়ার করে নিয়েছেন। কখনো দুই সন্তানের জন্মদিন পালনের ছবি সামাজিক মাধ্যমে জায়গা করে নিয়েছেন সুদীপ ।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমই ভালোবাসায় জুড়ে দিয়েছিল সুদীপ-পৃথাকে। ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ঘর বেঁধেছিলেন বিবাহবিচ্ছিন্ন সুদীপের সঙ্গে। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দামিনী বেণী বসু, সে কারণে পৃথার পরিবার মেনে নিতে চায়নি। কারণ সুদীপের এটি দ্বিতীয় বিয়ে হলেও পৃথার প্রথম। দুজনের বয়সের ব্যবধানও ২৫ বছর। যদিও তা তাদের সুখী দাম্পত্যে বাধা হয়ে উঠতে পারেনি। হঠাৎ কি এমন হলো যে, তছনছ সেই সুখের সংসার? সামাজিক মাধ্যমেই উত্তর হাতড়াচ্ছেন অভিনেতার অনুরাগীরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *