‘পুষ্পা’ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আল্লুকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ

Written by

in

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন হায়দরাবাদের একটি আদালতে সশরীরে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ ডিসেম্বর বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পায়। এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামে এক নারী পদদলিত হয়ে মারা যান। ওই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। 

এরপরই ভুক্তভোগী পরিবার অভিনেতার বিরুদ্ধে মামলা করে। এরপর ১৩ ডিসেম্বর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সেদিনই তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। তবে আইনি প্রক্রিয়ার কারণে তাকে একরাত পুলিশ হেফাজতে কাটাতে হয়েছিল।

সম্প্রতি হায়দরাবাদের আদালতের কাছে সেই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। জমা পড়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাদের সবাইকে তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকে এ মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

এদিকে তদন্তকারীর দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়নি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *