পারমিতার ‘হেমামালিনী’তে রবীন্দ্রনাথের গান গাইলেন রূপম

Written by

in

সংগীতশিল্পী রূপম ইসলামের মঞ্চে গাওয়া ‘আমরা সবাই রাজা’ গানটি দর্শকদের একসময় মাতিয়ে তুলেছিল। এখনো সেই গান সংগীতপ্রেমীদের ঠোঁটে শোনা যায়। আর এ শিল্পীর রয়েছে রবীন্দ্রগানের অ্যালবামও। এবার ছায়াছবিতে প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন এ গায়ক। পরিচালক পারমিতা মুন্সীর ‘হেমামালিনী’ ছবিতে তার কণ্ঠে শোনা যাবে বিরহের গান— কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। 

এ সংবাদ পাওয়ার পর আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক ও গায়কের সঙ্গে। পারমিতার দীর্ঘ দিনের বন্ধু রূপম। সেই বন্ধুত্বের স্বীকৃতি হিসেবেই ছবিতে তাদের যুগলবন্দি বলে জানিয়েছেন এ গায়ক।

রক থেকে রবীন্দ্রসংগীত— যাত্রাপথ কেমন? এমন প্রশ্নের উত্তরে রূপম বলেন, আগে একটি ছবিতে রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। ছবিটি মুক্তি পায়নি। সেদিক থেকে পারমিতার ছবিতে আমার প্রথম রবীন্দ্রসংগীতে কণ্ঠদান। গেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ছবিতে অন্য সংগীত পরিচালক থাকলেও এ গানটির সংগীত আয়োজন তিনি নিজেই করেছেন বলে জানান।

এদিকে দর্শক-শ্রোতাদের চমক দিতেই কি রূপমকে বেছে নিলেন পারমিতা?—এমন প্রশ্ন করেন পরিচালকের কাছে। পারমিতা বলেন, রূপম ছোটবেলার বন্ধু। আমি ওর ‘ফসিলস’-এর একনিষ্ঠ ভক্ত। তা ছাড়া রূপমের পরিবারে নজরুলগীতি, রবীন্দ্রনাথের গানের চর্চা আছে। তাই ওকেই বেছে নিয়েছি। তিনি আরও বলেন, গায়ক নিজেই গানটি বেছে দিয়েছে। রবীন্দ্রগানের বিশুদ্ধ গায়কী মেনে গেয়েছে। পরিচালক বলেন, ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রূপমের গান বাজবে নেপথ্যে বলে জানান পারমিতা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *