পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে আদৌ হবে কিনা, জানালেন পলক মুচ্ছল

Written by

in

দীর্ঘ পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর গায়িকা পলক মুচ্ছলের ভাই প্রেমিক বলিউডের খ্যাতনামা কম্পোজার পলাশ মুচ্ছলকে প্রকাশ্যে আনেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এরপর সাতপাকে বাঁধার দিন-তারিখ ঠিক হয়। ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল এ তারকা জুটির। কিন্তু স্মৃতির বাড়ি সাঙ্গলী গিয়েও ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। 

জানা যায়, স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। যদিও মাঝে পানি অনেক দূর গড়িয়েছে। স্মৃতির হবু স্বামী পলাশকে নিয়ে একের পর এক পুরোনো খবর আসতে থাকে একাধিক নারীর তরফ থেকে। 

স্মৃতির ভাই ও তার সতীর্থরা পর্যন্ত পলাশ মুচ্ছলকে তাদের সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেন। এরপর থেকে নেটিজেনদের মাঝে জল্পনা— আদৌ কি স্মৃতি-পলাশের বিয়েটা হবে? এবার তা নিয়ে মুখ খুললেন পলাশ মুচ্ছলের বোন সংগীতশিল্পী পলক মুচ্ছল।

পলক মুচ্ছল ভাইয়ের বিয়ে নিয়ে খুব খুশিতেই ছিলেন। গায়েহলুদ থেকে সংগীত— সব অনুষ্ঠানে হাজির ছিলেন এ সংগীতশিল্পী। কিন্তু এক লহমায় যেন বদলে গেল চিত্র। বিয়ে স্থগিত হয়ে গেল পলাশ ও স্মৃতির। তারপর থেকে একবারের জন্যও প্রকাশ্যে আসেননি স্মৃতি মান্ধানা। যদিও এর মাঝেই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন পলাশ মুচ্ছল। সেই ছবিও প্রকাশ্যে এসেছে।

মাঝে অবশ্য রটে যায় যে, বিয়ের পরিবর্তিত তারিখ ৭ ডিসেম্বর। যদিও স্মৃতির ভাই ওই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন। এবার এই বিয়ে নিয়ে গায়িকা পলক বলেন, দুই পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার ইতিবাচক থাকার চেষ্টা করছি। অন্য কিছুতে মনোযোগ নয়; বরং একে অপরের মধ্যে সংযোগ দৃঢ় হচ্ছে। পরিবারই প্রাধান্য পাচ্ছে। তবে বিয়েটা শেষ পর্যন্ত হবে কিনা— হলে কবে হবে, তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি পলক মুচ্ছল।

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই ভারতের মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ের জমজমাট প্রস্তুতি চলছিল। শুক্রবার (২১ নভেম্বর) বেশ জমকালোভাবে হলুদের অনুষ্ঠানও হয়। রোববার (২৩ নভেম্বর) চার হাত এক হওয়ার কথা ছিল; কিন্তু সেদিনই ঘটে যায় এক মহাবিপর্যয়। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান। এখানেই শেষ নয়; আরও এক বিপর্যয়ের খবর অপেক্ষা করছিল স্মৃতি মান্ধানার জীবনে। তার বাবার পর এবার হাসপাতালে ভর্তি হন তার হবু স্বামী পলাশ মুচ্ছলকেও। আর তাতেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ের অনুষ্ঠান।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *