পর্দায় প্রথমবার ফাওয়াদ-আয়েজা রসায়ন, বড় ধামাকার অপেক্ষায় ভক্তরা

Written by

in

দুই দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানি ড্রামা ও ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করলেও কখনো একফ্রেমে দেখা যায়নি ফাওয়াদ খান ও আয়েজা খানকে। ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার রুপালি পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই মেগাস্টার।

খবর অনুযায়ী, ব্লকবাস্টার নির্মাতা নাদিম বেগের পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ফাওয়াদ ও আয়েজা। নাদিম বেগ এর আগে আয়েজার সঙ্গে ‘পেয়ারে আফজাল’ এবং ‘মেরে পাস তুম হো’-র মতো সুপারহিট নাটক উপহার দিলেও, সিনেমায় এই প্রথম আয়েজাকে কাস্ট করছেন। অন্যদিকে, ফাওয়াদ খানের সঙ্গেও এটি নির্মাতার এক নতুন যাত্রা হতে যাচ্ছে।

উল্লেখ্য, টেলিভিশন পর্দায় অপ্রতিদ্বন্দ্বী হলেও এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আয়েজা খানের। এছাড়া নাদিম বেগের সিনেমায় হুমায়ুন সাঈদকে দেখা গেলেও, এবার ফাওয়াদ খানকে নিয়ে বড় চমক দিচ্ছেন তিনি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখিকা ফায়জা ইফতিখার।

আরও পড়ুন
আরও পড়ুন

নাটক বা সিনেমায় জুটি না বাঁধলেও, কিছুদিন আগে ফাওয়াদের স্ত্রী সাদাফের ব্র্যান্ড ‘সিরা’-এর একটি বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ফটোশুট থেকেই সামাজিকমাধ্যমে তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা শুরু হয় এবং ভক্তরা তাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখার দাবি তোলেন।

সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং খুব শীঘ্রই শুরু হবে এবং ২০২৭ সাল নাগাদ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। ফাওয়াদের গ্লোবাল ফ্যানবেস এবং আয়েজার আকাশচুম্বী জনপ্রিয়তা মিলিয়ে এই প্রজেক্টটি যে বক্স অফিসে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।

সূত্র: সামা টিভি

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *