দেবের ২০ বছরের ক্যারিয়ার জীবনের জানা-অজানা

Written by

in

আজ টালিউড অভিনেতা ও প্রযোজক দীপক অধিকারী দেবের জন্মদিন। জীবনের ৩৭টি বসন্ত এর মধ্যেই পার করে ফেলেছেন এ অভিনেতা। আজ টালি সুপারস্টারের ৩৮তম জন্মদিন। অভিনেতা, প্রযোজক, সংসদ সদস্য— সব ভূমিকাই তিনি সামলাচ্ছেন সমান তালে। তার এই জন্মদিনে আমরা কিছু জানা-অজানা তথ্য জেনে নিই।

আজ ২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন। এর পাশাপাশি এদিন বাঙালির প্রিয় তারকা দেবেরও জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে কেশপুরের গ্রাম মহেশখালীতে জন্মগ্রহণ করেন দীপক অধিকারী দেব। তার বাবার নাম গুরুপদ অধিকারী। মাতার নাম মৌসুমী অধিকারী। বাড়ির বড় ছেলে দেব। দেবের ডাকনাম রাজু। বাড়িতে সবাই এ নামে ডাকে তাকে। তার এক বোন রয়েছে দীপালি অধিকারী। 

দেব তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায় মামাবাড়িতে। এর পর তিনি বাবা-মায়ের কাছে মুম্বাই যান এবং বান্দ্রার পুরুষোত্তম হাইস্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। 

টালিউডে পা রাখার আগে দেবকে দেখা যায় একটি মিউজিক ভিডিওতে। যেখানে শিববন্দনায় মগ্ন দেবের দেখা পাওয়া যায়। দেব ফিল্মি দুনিয়ায় কাজ শুরু করেন আব্বাস-মস্তানের টারজান দ্য ওয়ান্ডার কারের সঙ্গে। এ ছবির সেটে ওবসার্ভার হিসাবে কাজ করেছেন তিনি। এরপর বাংলা ছবিতে নিজের ভাগ্য পরীক্ষার জন্য কলকাতায় চলে আসেন তিনি। টালিউডে দেবের প্রথম ছবি অগ্নিশপথ। যেখানে দেবের কো-স্টার ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 

২০০৭ সালে মুক্তি পায় আই লাভ ইউ। এই ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস লিখেছিল। দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেছিলেন দেব। আক্ষরিক অর্থে টালিপাড়ার প্রথম আইটেম বয় তিনি। নির্মাতা রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে ‘প্যান্টে তালি’ গানে আইটেম নেচে ছিলেন অভিনেতা।

এদিকে ব্যক্তিগত জীবনে দেব ভীষণভাবে পশুপ্রেমী। তার দিন কাটে না হ্যাপি আর লাকিকে ছাড়া। দেবের দুই সারমেয়। 

অভিনেতা-প্রযোজক হওয়ার পাশাপাশি দেব জনপ্রতিনিধিও। ২০১৪ সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হন দেব। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনেও একই কেন্দ্রে জয়ী হন দীপক অধিকারী। 

দেব গানও গেয়েছেন। প্রথমবার খোকা ৪২০ ছবিতে খোকা চালু চিজ গান গেয়েছিলেন তিনি। এরপর চ্যাম্প ছবিতে দেখো দেখো চ্যাম্প গানটি গেয়েছেন অভিনেতা। প্রযোজক দেবের প্রথম ছবি ধূমকেতু, যদিও সেই ছবি আজ পর্যন্ত মুক্তি পায়নি। দেব এন্টারটেনমেন্ট ভেনচার্সের তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি চ্যাম্প। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *