দুই শিল্পীর ‘চড়’ কাণ্ডে অভিনয়শিল্পী সংঘের সতর্কবার্তা

Written by

in

সম্প্রতি এক ফেসবুক লাইভে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি দাবি করেন, মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চড় মেরেছেন তানজিন তিশা।

এদিন রাতেই এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খোলেন তিশা। তিনি দাবি করেন, চরিত্রের প্রয়োজনে চড় মেরেছেন।  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) সকালে বিবৃতি দিয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি লিখেছে, ‘কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভাষ্য, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।

উল্লিখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কেননা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।’

এর আগে এক ফেসবুক লাইভে সামিয়া অথৈ অভিযোগ করে বলেন, ‘একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছেন চড় মারার দৃশ্যটি। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি; কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মেরেছেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সমানে একের পর এক মেরেছেন।’

অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা বলেন, ‘যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি; এখানে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি। যে তার চরিত্রের প্রয়োজনে কাউকে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে। কাজটি মুক্তি পেলেই আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

উল্লেখ্য, নাটকটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।  এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *