তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, কেন প্রেমিককে এমন পরামর্শ দেন হিনা খান

Written by

in

অভিনেত্রী হিনা খান এবং ব্যবসায়ী, প্রযোজক ও পরিচালক রকি জয়সওয়াল দীর্ঘদিনের জীবনসঙ্গী ও স্বামী-স্ত্রী। স্টার প্লাসের বিখ্যাত ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম হয় এবং দীর্ঘ ১৩-১৪ বছর সম্পর্কের পর তারা ২০২৫ সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

ঘরোয়া আয়োজনে বিয়ে সারার পরেই অবশ্য তাদের নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে ‘পতি, পত্নী অউর পঙ্গা’ রিয়্যালিটি শোয়ে তারা একসঙ্গে আসার পর অনেকে দাবি করেছিলেন, শোর প্রচারের জন্যই নাকি বিয়ে করেছিলেন তারা। সম্প্রতি নিজের পডকাস্টে সেই জল্পনার জবাব দিলেন হিনা ও রকি।

তবে বিয়ের সঙ্গে কোনো প্রচার কৌশলের সম্পর্ক নেই বলে জানান হিনা খান। বিগ বস ১১-এ দ্বিতীয় স্থানের অধিকার এ প্রতিযোগী অভিনেত্রী বলেন, আমরা জানি, সত্যিটা কী। কেউ যদি সব কিছু প্রচারের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, তাহলে আসল কারণটাই হারিয়ে যায়। 

বিয়ের পরিকল্পনা হয়েছিল অনেক আগেই। এমনকি বিয়ের দিনক্ষণও আগে থেকেই ঠিক করা ছিল। তাদের বিয়ে হয়েছে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ছিল না বলে জানান এ অভিনেত্রী।

তবে জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন হিনা খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সেই সময়ে তাদের সম্পর্কেরও কঠিন পরীক্ষা হয়েছিল। হিনা বলেন, শুধু তার নিজের অসুস্থতা নয়, রকির মায়ের অসুস্থতাও তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই কঠিন সময়ে রকিকে অন্য কাউকে বিয়ে করার কথাও বলেছিলেন হিনা খান। অভিনেত্রী বলেন,  আমি ওকে বলেছিলাম— তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সব কিছু আর আগের মতো থাকবে না।

কেন এমন কথা বলেছিলেন অভিনেত্রী? উত্তরে তিনি বলেন, চেয়েছিলেন রকি যেন নিজের সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পারে। আমি ওকে এতটাই ভালবাসি যে, ওর সুখ আমার সঙ্গে থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ।

তবে রকি তার পাশ থেকে সরে যাননি বলেও জানান এ অভিনেত্রী। বরং হিনা খানের কঠিন চিকিৎসার সময়ে প্রতিটি পরিস্থিতিতে সঙ্গ দিয়েছেন। তিনি বলেন, রকি ছাড়া আমার পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। ও সব কিছু সহজ করে দিয়েছিল।

উল্লেখ্য, স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়ে অক্ষরা চরিত্রে অভিনয় করে ভারতীয় টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ প্রায় ১৮টির মতো পুরস্কার জয়লাভ করেছেন হিনা খান। তিনি ইস্টার্ন আই দ্বারা প্রকাশিত শীর্ষ ৫০ আবেদনময়ী এশিয়ান নারীর তালিকায় চারবার উপস্থিত হন। ২০১৭ সালে কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১১-এ একজন প্রতিযোগী হিসেবে উপস্থিত হন। যেখানে তিনি ২য় স্থান অধিকার করেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *