তাপদাহ উপেক্ষা করে সুরের উৎসবে মাতল ফ্রান্স

Written by

in

প্রচণ্ড তাপদাহের মধ্যেও ফ্রান্সজুড়ে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘ফেত দ্য লা মিউজিক’  বা বিশ্ব সঙ্গীত উৎসব। রোববার  (২১ জুন) অনুষ্ঠিত এ উৎসবে রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহর, জনপদ ও পর্যটন এলাকায় হাজারো শিল্পী ও লাখো দর্শকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯৮২ সালে যাত্রা শুরু করা এ উৎসব বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে পালিত হয়। প্রতি বছর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিনের (২১ জুন) সন্ধ্যায় আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য হলো সঙ্গীতকে উন্মুক্ত পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ উপলক্ষে পেশাদার ও অপেশাদার শিল্পীরা বিনামূল্যে সঙ্গীত পরিবেশন করেন।

এ বছর জুন মাসজুড়ে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আবহাওয়া বিভাগ একাধিক অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করলেও উৎসবের আয়োজন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন স্থানে পানীয় জল সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক নির্দেশনার ব্যবস্থা রাখা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

প্যারিসের বিভিন্ন স্কয়ার, পার্ক, ঐতিহাসিক চত্বর, ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে দিনভর এবং রাত পর্যন্ত চলতে থাকে সঙ্গীত পরিবেশনা। জ্যাজ, রক, পপ, শাস্ত্রীয়, লোকসঙ্গীত, র‌্যাপ, ইলেকট্রনিক এবং বিশ্বসঙ্গীতসহ বিভিন্ন ধারার শিল্পীরা অংশ নেন উৎসবে। অনেক এলাকায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদেরও পরিবেশনা ছিল।

উৎসব উপলক্ষে প্যারিস, লিয়ঁ, মার্সেই, তুলুজ, লিল, স্ট্রাসবুর্গ ও বোর্দোর মতো বড় শহরগুলোতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। সন্ধ্যার পর থেকে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি পর্যটকও উৎসবে অংশ নেন।

উৎসবস্থলগুলো ঘুরে দেখা যায়, স্পেন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পর্যটকেরা এ আয়োজন উপভোগ করছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও ছবি প্রকাশের মাধ্যমে উৎসবের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

আরও পড়ুন
আরও পড়ুন

এবারের আয়োজনে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্যারিস অঞ্চলের ও-বার-ভিয়ে, লা কুরনেভ এবং গার দ্য নর এলাকায় পৃথকভাবে বাংলা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ও-বার-ভিয়ে এলাকায় এসকে সাউন্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর রাহুল আনন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমীরাও অংশ নেন।

ফরাসি সংস্কৃতি বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক অস্থিরতা এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জের সময়েও ‘ফেত দ্য লা মিউজিক’ মানুষের মধ্যে সামাজিক সংযোগ ও সাংস্কৃতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। চার দশকের বেশি সময় ধরে চলা এ উৎসব ফ্রান্সের অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *