জটিল রোগে আক্রান্ত চিত্রনায়িকা শাহনূর, ফেসবুকে আবেগঘন বার্তা

Written by

in

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাহনূর জটিল রোগে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেত্রীর প্যানক্রিয়াসে (অগ্ন্যাশয়) টিউমার ধরা পড়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।  দ্রুত অপারেশন না হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। 

এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা শাহনূর জানান, নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা করা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু-এক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হতে পারে। এমন পরিস্থিতিতে সবার দোয়া কামনা করেন এ অভিনেত্রী। 

নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন শাহনূর। সেখানে তিনি লেখেন, ‘আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। 

আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনো নিজের জন্য কিছুই করিনি। সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে। কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, আজেবাজে কথা বলা অথবা কারোর ক্ষতি করা, কাউকে হিংসা করা―এগুলো মাথাই কখনো আসেনি। সবসময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও লেখেন, ‘আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমি আমার আব্বু-আম্মুকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বৃদ্ধাশ্রমের সকল বাবা-মাকে। আর সে জন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার এত বছরের ক্যারিয়ারে কোনো দিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি, নিজের জন্য দামি গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি গাড়ি-বাড়ি, ধন-সম্পদ কোনো কিছুই তো আমার সঙ্গে যাবে না। আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সঙ্গে যাবে।’ 

পোস্টের শেষাংশে শাহনূর লেখেন, ‘আমি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। আমি মরে যাওয়ার পরও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে কেউ ভুলে যাবেন না। সবাই নামাজের সময় মোনাজাতে আমার নাম নিয়ে একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।’ 

একটা সময় বাংলা চলচ্চিত্রে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন নায়িকা শাহনূর। তবে বড় পর্দায় তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় অভিনয় করে। এতে নায়ক রিয়াজের বিপরীতে তাকে দেখা যায়। সিনেমায় শাহনূরের চরিত্রের নাম ছিল আম্বিয়া। শাহনূরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিদ্দি সন্তান’ ২০০০ সালে মুক্তি পেয়েছিল। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *