চাইলেই কি আর সব পূরণ হয়: মিম

Written by

in

লেখক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে পর্দায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। দিনকয়েক আগে থেকে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। 

‘দিগন্তে ফুলের আগুন’ নামে এই সিনেমাটি প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনের কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করছেন এ দম্পতির কন্যা প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সার। পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। পান্না কায়সার সম্পর্কে নির্মাতা শমী কায়সারের কাছে শুনেছেন বিদ্যা সিনহা মিম। তবে দেখা হয়নি কখনো। 

দেখা করার কথা ছিল গতকাল (শুক্রবার)। অথচ গতকালই পৃথিবী ছেড়ে চলে গেছেন পান্না কায়সার। বিষয়টি মিমকে খুব কষ্ট দিয়েছে। 

মিম বলেন, শমী আপু বলেছিলেন— আন্টিকে তার বাসায় নিয়ে আসবেন। শুক্রবার শুটিং নেই। সেদিন কিংবা তার পর দিন শনিবার তার বাসায় যাওয়ার কথাও ছিল। আমি সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। শমী আপু জানালেই বের হব। আন্টির সঙ্গে দেখা করব। তার জীবনের গল্প তার মুখেই শুনব। কিন্তু দেখা করার দিনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন! বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমার আরও বেশি কষ্ট হচ্ছে এ জন্য যে, আমি তারই চরিত্রে অভিনয় করছি। তার আত্মার শান্তি কামনা করছি। 

এদিকে পান্না কায়সারের মৃত্যুতে ফেসবুক স্ট্যাটাসে মিম লেখেন, বিধাতার কী এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেক, যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এ সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তা হলে রেডি থেকো। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। 

শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। 

রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে উঠেই শুনি— পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছু দিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি। 

উল্লেখ্য, গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার।

বিনোদন প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *