গুরুতর অসুস্থ অভিনেতা শেলী, আবেগঘন পোস্ট সহকর্মীর

Written by

in

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এতটাই নাজুক যে, তিনি দাঁড়িয়ে হাঁটার মতো শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে  সে কথা তুলে ধরেছেন আরেক অভিনেতা এমকেএইচ পামির। 

পামির ও শেলী— দুজনেরই গ্রামের বাড়ি পাবনা জেলায়। তাই এবারের ঈদে বাড়ি যাওয়ার পাশাপাশি শেলীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী শেলীর বাসায় যান পামির।

আব্দুল হান্নান শেলীর বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে এমকে এইচ পামির লিখেছেন— শেলী ভাই এতটাই গুরুতর অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।

তিনি আরও লিখেছেন— আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন— ‘আমি অসুস্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি। আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ এ কথা বলেই তিনি কেঁদে ফেললেন।

আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে অসুস্থ বিষয়টি শোবিজ অঙ্গনের অনেকেরই জানা। সহশিল্পীর এই কঠিন সময়ে বিনোদন অঙ্গনের কর্মী, ভক্ত ও অনুরাগী সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন এমকেএইচ পামির। তিনি বলেন, আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহতায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে, আমিন।

এদিকে শেলীর অসুস্থতা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, প্রায় দুই মাস আগে একটা সার্টেন অ্যামাউন্ট সাহায্য দেওয়া হয়েছে। শিল্পী কল্যাণ তহবিলে উনার ফাইল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আমরা সেটার তদারকি করছি আর উনার অসুস্থতা সম্পর্কে আমরা সবসময় অবগত রয়েছি।

উল্লেখ্য, অভিনেতা আব্দুল হান্নান শেলী বেশ কিছু প্রশংসিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সাড়া জাগানো ‘দুই দিনের দুনিয়া’। গুণী এ অভিনেতার এমন দূরবস্থা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসায় অনেকেই দুঃখ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *