কুকুরের কামড় থেকে বাঁচলেন রাভিনা

Written by

in

‘ও মাই ডগ’ সিনেমার স্পেশাল প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সেই অনুষ্ঠানে রেড কার্পেটে এমন একটি ঘটনা ঘটেছে, যা সবাইকে অবাক করে দিয়েছে। সিনেমায় একাধিক কুকুরকে দেখতে পাওয়া গেছে, তার মধ্যেই একটি সারমেয় উপস্থিত ছিল ওই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান চলাকালে আচমকাই কুকুরটি রাভিনা ট্যান্ডনের হাতে কামড়ে দিতে উদ্যত হয়, খুব অল্পের জন্য বেঁচে যান তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুম্বাইয়ে ‘ও মাই ডগ’ সিনেমার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমায় দেখতে পাওয়া কুকুর তারকাও। সেই অনুষ্ঠানে যেই না অভিনেত্রী স্টেজে উঠে দাঁড়ান, ঠিক তখনই হঠাৎ করেই ওই কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করে। 

রাভিনা ট্যান্ডন খুব কাছাকাছি থাকায় প্রায় কুকুরটি কামড় দিতেই যাচ্ছিল, কিন্তু অভিনেত্রী সরে যাওয়ার ফলে সে যাত্রায় বেঁচে যান। কিন্তু রাভিনা ট্যান্ডনের পোশাকের একটি সুতা কুকুরটির মুখে আটকে যায়। তবে এই গোটা ঘটনায় অভিনেত্রী ভীষণ শান্ত ছিলেন এবং সেখান থেকে চলে না গিয়ে কুকুরটিকে শান্ত করার জন্য এগিয়ে যান।

রাভিনা ট্যান্ডনের এই ব্যবহার দেখে মুগ্ধ হন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন— ‘আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘আপনি সত্যিই একজন পশুপ্রেমিক।’ তৃতীয়জন লিখেছেন— ‘চারপাশে এত কিছু দেখে হয়তো কুকুরটি ভয় পেয়ে গিয়েছিল।’ আবার কেউ  কেউ লিখেছেন— ‘আপনার প্রতি অগাধ শ্রদ্ধা’।

উল্লেখ্য, অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’ একটি পারিবারিক বিনোদনমূলক সিনেমা। বাবু লাল বাইস্কোপ ও থিঙ্কিং হ্যাটস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অমিত রাই, রাজেশ ভরদ্বাজ ও সানা ওয়ারসির প্রযোজনায় ‘ওহ মাই ডগ’ সিনেমাটি আজ (৭ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। যার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি কুকুর। এ সিনেমাটি একটি সাহসী কুকুরকে অনুসরণ করে, যে নিখোঁজ কুকুরসংক্রান্ত একটি চক্রকে উন্মোচন করতে সাহায্য করে। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন পবন মালহোত্রা, মাহি রাই, রাজেশ কুমার, গীতা আগরওয়াল, বিজয় মিশ্র, শ্রীধর দুবে, বুল্লু কুমার ও সুলখ্যানা বড়ুয়া।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *