
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যাকে ঘিরে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এদিকে এই ঘটনার পর ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, জাহের আলভীর এক সহকর্মী অভিনয়শিল্পীর সঙ্গে পরকীয়ার জেরেই মানসিক চাপে পড়ে আত্মহননের পথ বেছে নিতে পারেন ইকরা।
এবার এ নিয়ে মুখ খুলেছেন আফরা ইবনাত খান ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম। তিনি মনে করেন, ইকরা আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিন— এই তিনজনের বন্ধুত্ব ১১ বছরের বলে জানা যায়। তাদের একটি ফেসবুক গ্রুপে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার দিন সকালেও সেখানে তাদের কথা হয়েছিল বলে জানান সামিয়া।
তিনি (সামিয়া) বলেন, ‘আমরা ২৪ ঘণ্টাই এই গ্রুপে কানেক্টেড থাকি। ১০টা ৪৬ মিনিটে ইকরা মেসেজ করল যে নেপাল যাবে। ওই মেয়ের (আলভীর সহশিল্পী) চুল টেনে ছিঁড়বে। আমরা ভাবলাম যে এখন ওর মাথা গরম আছে। তাই বললাম, ঠিক আছে, তুই যাইস।
এদিকে গতকাল সন্ধ্যায় ইকরার ডিওএইচএসের বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। ইকরাকে শান্ত করার জন্য আমরা লিখলাম, আচ্ছা তুই যাইস, ঠিকাছে, ইফতারের অনুষ্ঠান শেষ করে যাইস। ওর বেশ কিছুদিন ধরে মাথা ঠিক নাই। তাই আমরা ওকে এটা-ওটা বলে শান্ত রাখার চেষ্টা করছি। গতকাল ১০টা ৪৬ মিনিটের পর এরপর সে আর কিছুই লেখেনি। দুপুর ১টা ২৭ মিনিটে লুপিন নক করে বলল, তুই কই। এর মধ্যে তো যা হওয়ার তো হয়ে গেছে!’
আলভীর সহকারী অর্কর কাছ থেকে আত্মহত্যার খবরটি নিশ্চিত হন সামিয়া। তিনি আরও জানান, ঘটনার সময় ইকরার সন্তান রিজিক বাসায় ছিল এবং ইকরার সঙ্গে আলভী ফোনে কথা বলছিল।
তার বান্ধবী আত্মহননের মতো সিদ্ধান্ত নেওয়ার মেয়ে না জানিয়ে সামিয়া আরও বলেন, ‘যত দূর জানি, ইকরা এরই মধ্যে রুম শিফট করেছে। আলভীর বাংলাদেশে আসার পর তারা একটা সিদ্ধান্তে যাওয়ার কথা। বলছিল, ‘আমি আলভীকে ডিভোর্স দিয়ে দেব।’ বন্ধুদের মধ্যে আলাপ যা হয় আরকি। এরপর একটা ব্যবসা শুরু করবে। রিজিককে ওর বাবার কাছে রাখবে নাকি ওর কাছে—কিভাবে কী করবে, এসব নিয়েও আলাপ করেছে। এটা আমরা নিশ্চিত, ইকরা মোটেও সুইসাইড করার মতো মেয়ে না। ওই সময়টায় ফোনে আলভী কী এমন বলেছিল যে ইকরা তা সহ্যই করতে পারেনি! আমরা আসলে কেউই কিছুই জানি না। এটা অবশ্যই জানা দরকার।’
রোববার (১ মার্চ) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ইকরার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে তার নানাবাড়িতে দাফন করা হবে।
বিনোদন ডেস্ক
Leave a Reply