আবার পরিচালনায় ফিরছেন ইন্দ্রদীপ, থাকছেন জীতু-শুভশ্রী

Written by

in

আবার নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন টালিউড পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকছেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী। নভেম্বরের ফার্স্ট উইকে এ ছবির শুটিং শুরু হবে জানা গেছে।

ইন্দ্রদীপ সুরকার হিসেবে একটানা কাজ করে চলেছেন। কিন্তু গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টালিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। শুরু থেকেই ইন্দ্রদীপ ভিন্ন স্বাদের ছবি পরিচালনা করেন। তার প্রথম ছবি ছিল ‘কেদারা’।  একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ছবিটি। বিশেষ করে ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। 

পরবর্তীকালে ‘বিসমিল্লাহ’ বা ‘আগন্তুক’ দর্শকদের পছন্দ হয়। এ ছাড়া পরিচালকের ‘উত্তরণ’ ছবিতে কৌশিকের সঙ্গে অঙ্কুশ হাজরার দ্বৈরথ ছিল নজরকাড়া। এবার নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন পরিচালক। ছবিতে অভিনেতা নির্বাচনও চমকপ্রদ। জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জীতু কমল ও শুভশ্রী গাঙ্গুলী।

আনন্দবাজার সূত্রে জানা যায়, নতুন ছবিতেও ইন্দ্রদীপ চমক হাজির করতে চলেছেন। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক আপাতত নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ছবিটির। আর ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যাচ্ছে না।

এদিকে পুরো বিষয়টিই ইন্দ্রদীপ আড়ালে রাখতে চাইছেন। তারপরও এ ছবি নিয়ে টালিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। অতীতে শুভশ্রী দর্শকদের ভিন্ন স্বাদের অভিনয় উপহার দিয়েছেন। জীতুও তার ব্যতিক্রম নন। এই দুই শক্তিশালী অভিনেতা পর্দায় কী চমক হাজির করতে চলেছেন, তা নিয়ে দর্শকমহলে কৌতূহল থাকা স্বাভাবিক।

অন্যদিকে পরিচালক ইন্দ্রদীপের বেশিরভাগ ছবিতেই কৌশিককে দেখা গেছে। এ ছবিতেও তা ব্যতিক্রম হচ্ছে না। তা ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *