আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

Written by

in

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বার্মিংহামের গ্যাংস্টার টমাস ‘টমি’ শেলবি রূপে পর্দায় ফিরছেন অস্কারজয়ী আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত নতুন চলচ্চিত্র ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

২০১৩ সালে শুরু হওয়া জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’- এর ছয়টি সিজন শেষে এবার আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারের গল্পে দেখা যাবে, অবসর জীবন ছেড়ে টমি শেলবি আবারও বার্মিংহামে ফিরেছেন একটি নাৎসি ষড়যন্ত্র নস্যাৎ করতে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিলিয়ান মারফি বলেন, ‘আমি সব সময়ই এই আইডিয়াটার পক্ষে ছিলাম। আমরা বছরের পর বছর স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি যাতে এটি নিখুঁত হয়। ছয় ঘণ্টার সিরিজের বদলে দুই ঘণ্টার একটি গল্পে টমিকে উপস্থাপন করাটা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা।’

স্টিভেন নাইট রচিত এই নেটফ্লিক্স অরিজিনাল ফিল্মে নতুন কিছু শক্তিশালী চরিত্র যুক্ত হয়েছে। রেবেকা ফার্গুসন ও টিম রথ-এর পাশাপাশি দেখা যাবে ব্যারি কেওগানকে, যিনি টমি শেলবির ছেলে ‘ডিউক শেলবি’র চরিত্রে অভিনয় করেছেন। এই বাবা-ছেলের রসায়নই হবে সিনেমার মূল আবেগঘন অংশ।

আরও পড়ুন
আরও পড়ুন

ব্যারি কেওগান এ সিনেমাটিকে ‘দ্য সোপরানোস’-এর সঙ্গে তুলনা করে বলেন, ‘এখানে ভায়োলেন্স কেবল একটি প্রেক্ষাপট, মূল বিষয় হলো পরিবার।’

সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট জানান, শুরু থেকেই তার ইচ্ছা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে একটি সিনেমার মাধ্যমে এ গল্পের সমাপ্তি টানা। এ সিনেমার শুরুর দিকে ১৯৪০ সালে ‘বার্মিংহাম স্মল আর্মস’ কারখানায় বোমা হামলার দৃশ্যটি পুনর্নির্মাণ করা হয়েছে, যা নাইটের জন্য অত্যন্ত ব্যক্তিগত।

তিনি বলেন, ‘আমার মা সেই কারখানায় কাজ করতেন। সেই রাতে তার শিফট ছিল না বলেই তিনি বেঁচে গিয়েছিলেন। আমি সব সময়ই চেয়েছি এ গল্পটি যেন ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়।’

উল্লেখ্য, স্টিভেন নাইট বর্তমানে পরবর্তী জেমস বন্ড সিনেমার চিত্রনাট্যও লিখছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *