আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

Written by

in

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি ভোটের মাঠে দেখা গেছে শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদেরও। ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভাগ করে নিয়েছেন নাগরিক দায়িত্ব পালনের মুহূর্ত।

আঙুলে অমোচনীয় কালি দেখিয়ে ছবি পোস্ট করেছেন অনেকেই। চিত্রনায়িকা বর্ষা রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন স্বামী অনন্ত জলিলকে নিয়ে। ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে।’

সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান প্রথমবারের মতো ভোট দিয়ে লিখেছেন, ‘ফার্স্ট টাইম ভোটিং’।

অন্যদিকে অভিনেত্রী আনিকা কবির শখ জানান, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিষ্টি জান্নাত ভোট দিয়ে মজার ছলে জানতে চেয়েছেন—লুকটা কেমন হলো!

তমা মির্জা নাগরিকদের ভোটদানে উৎসাহ জানিয়ে লিখেছেন, ‘ভোট প্রদান আপনার আমার নাগরিক অধিকার।’

রাজধানীর গুলশানে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের পথ।’

সাফা কবির, মাসুমা রহমান নাবিলা ও আয়শা সালমা মুক্তিসহ অনেকেই ভোট দিয়ে ভালো বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে একসঙ্গে ভোট দিয়েছেন ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। হাসিমুখে ছবি তুলেছেন, জানিয়েছেন দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের কথা। এর আগে ববিতা বলেছিলেন, দেশ এগিয়ে যাক, মানুষ থাকুক শান্তিতে।

ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে ভোট দেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। এবারসহ দশটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অভিজ্ঞতা তার। এবারের পরিবেশকে সুন্দর বলে মন্তব্য করেন তিনি।

আইশা খান, মনোজ প্রামাণিক, শিহাব শাহীন ও রুকাইয়া জাহান চমকও ভোট দিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন। কেউ বলেছেন দায়িত্ব সম্পন্নের কথা, কেউ জানিয়েছেন পরিবার নিয়ে ভোট দিতে আসার আনন্দের কথা।

সব মিলিয়ে, তারকারাও ব্যালটে অংশ নিয়ে দেখালেন—ভোট শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক দায়িত্বেরও উৎসব।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *