Tag: সালমান

  • সঙ্গী হারালেন সালমান, জানালেন বান্ধবী লুলিয়া

    ২০২৪ সালে একের পর এক প্রাণনাশের চেষ্টা রীতিমতো বিধ্বস্ত করে ফেলেছিল বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানকে। এর মধ্যেই ২০২৫ সালের শুরুতে কাছের সঙ্গীকে হারালেন অভিনেতা। সুপারস্টারের চর্চিত বান্ধবী লুলিয়া ভান্তুর সেই খবর নিশ্চিত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কষ্টের কথা জানালেন তিনি— সালমান খানের পোষা কুকুর টোরো মারা গেছে। 

    গতকাল বুধবার (১৬ জানুয়ারি) মৃত্যুর খবর শেয়ার করে টোরোর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া ভান্তুর লিখেছেন— আমাদের জীবনে এসে তা ভরিয়ে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার লাভলি টোরো বয়… তুমি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটিতে অভিনেতার পানভেল ফার্ম হাউসে টোরোর সঙ্গে সময় কাটানোর আরাধ্য মুহূর্তগুলো দেখানো হয়েছে। 

    এর আগে ২০১৯ সালে অভিনেতা সালমান খান এক্সে টোরোর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন— সবচেয়ে প্রেমময়, অনুগত এবং নিঃস্বার্থ প্রজাতির সঙ্গে সময় কাটাচ্ছি। অভিনেতা সর্বদা প্রাণীদের প্রতি তার ভালোবাসা সম্পর্কে সোচ্চার। পানভেলে তিনি একটি ঘোড়াও পোষেন। প্রায়শই জিমে তাকে সঙ্গ দেওয়ার জন্য টোরোকে সঙ্গে নিয়ে যেতে দেখা যেত ভাইজানকে।

    এদিকে সালমান খান ও লুলিয়া ভান্তুর বিগত কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যায়। যদিও দুজনের কেউ-ই এ জল্পনা নিশ্চিত বা অস্বীকার করেননি। সম্প্রতি দুবাইয়ে লুলিয়ার বাবার জন্মদিন পালন করতে দেখা যায় সালমানকে। পরিবারের সঙ্গে সালমানের ছবি শেয়ার করে লুলিয়া ক্যাপশনে লিখেছেন—শুভ জন্মদিন বাবা। আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ ?❤️ দুই হিরো ?।

    উল্লেখ্য, বর্তমানে সালমান খান ‘সিকান্দার’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর মুরুগাদোস পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত অ্যাকশন থ্রিলার ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি ও প্রতীক বব্বর প্রমুখ। ছবিটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেতার পাইপলাইনে সাজিদ নাদিয়াদওয়ালার কিক-টুও রয়েছে বলে একটি সূত্র জানায়।

    অনলাইন ডেস্ক

  • সালমানের সঙ্গে আমাকে হাতেনাতে ধরেছিল সংগীতা: সোমি

    বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের ছবি সিনেমা হলে মুক্তি পেলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত-অনুরাগীদের প্রবল আগ্রহ থাকে। চিরকুমার ভাইজানের জীবনে এসেছে বহু তরুণী। প্রেমের সম্পর্কে জড়ালেও কোনো বারই ছাদনাতলায় পৌঁছননি তিনি। যদিও অভিনেত্রী সংগীতা বিজলানীর সঙ্গে বিয়ের সব কথাবার্তা হয়ে গিয়েছিল সালমানের। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন।

    সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতা বিজলানী। সত্যিই কি তার ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল?—এমন প্রশ্নের উত্তরে সংগীতা বলেন, এই তথ্য মোটেই মিথ্যা নয়। সালমান নিজেও ‘কফি উইথ করণ’-এর এক এপিসোডে স্বীকার করেছিলেন— সংগীতার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।

    এই একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সালমানের আরেক সাবেক প্রেমিকা সোমি আলি। তিনিই জানিয়েছিলেন, তাকে ও সালমানকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সংগীতা বিজলানী। তার জন্যই যে সালমান-সংগীতার বিয়ে ভেঙেছিল, তা নিজেই স্বীকার করেছিলেন সোমি। 

    এক সাক্ষাৎকারে সোমিকে প্রশ্ন করা হয়েছিল—সংগীতা আপনার ওপর চটে আছেন কেন? উত্তরে তিনি বলেছিলেন— আমার জন্যই ওর বিয়ে ভেঙে যায়। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। ওদের বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাড়িতেই সংগীতা আমাদের একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিল।

    সংগীতা জানিয়েছেন, প্রেমিক হিসাবে সালমানের অধিকারবোধ প্রবল ছিল। বিশেষ কিছু পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সালমান। সংগীতা ও সোমির পরও বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন— ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফ। যদিও ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এখনো বজায় রেখেছেন ভাইজান।

    বিনোদন ডেস্ক

  • সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

    বলিউডের এসময়ে জনপ্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দুজনের বয়সের পার্থক্য ৩১ বছর। যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়নি। 

    তবে সেসব আলোচনার তোয়াক্কা করেননি সালমান বা রাশমিকা দুজনের কেউেই। জোরকদমেই চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। আর শুটিংয়ের মাঝেই এবার সালমানকে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা। 

    এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না রাশমিকা। তবে সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশমিকা। 

    ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘তার (সালমান) সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। বলে রাখা ভালো, একেবারে মাটির মানুষ।’ 

    একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’

    সালমানের ভূয়সী প্রসংশা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’

    সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি।

    মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার বহু প্রতীক্ষীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবির কাজও শুরু করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • মায়ের নাচের ভিডিও শেয়ার করে যা বললেন সালমান

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার মায়ের জন্মদিনে একেবারে অন্যরূপে ধরা দিলেন। মা সালমা খানের একটি সুন্দর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করলেন অভিনেতা। 

    সালমান তার মা সালমা খানের একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের জন্য। এ অভিনেতার জীবনের নানা সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার পরিবারের ওপর। এর আগে বহুবার এ কথা জানা গেছে। ভিডিও শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভাইজান লিখেছেন— শুভ জন্মদিন মাম্মি। মাদার ইন্ডিয়া, আমাদের পৃথিবী।

    এ ভিডিওতে সালমাকে তার ছোট ছেলে সোহেলের সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে। একের পর এক হুমকিতে যখন সালমানকে নিয়ে চিন্তায় ভক্তরা, তখন এমন মুহূর্ত মন জয় করেছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করতেই ভাইরাল। ভাইজানের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মিউজিকের সঙ্গে সঙ্গে পা মেলাচ্ছেন মা-ছেলে। 

    এ ভিডিওতে দেখা গেছে, একঝাঁক অতিথিও উপস্থিত আছেন সেখানে। সবাই মিলে জমিয়ে মেতেছেন নাচ-গান আর আড্ডায়। ভিডিওটিতে ভালোবাসায় ভরিয়েছেন ববি দেওল, বরুণ ধাওয়ান, গৌরী খানসহ একাধিক বলিউড তারকা।

    খান পরিবারের সব ভাইবোনদের মুখেই তাদের মা সালমার জীবনের নানা কথা শোনা যায়। বলিউডের প্রবীণ জুটি সেলিম খান ও জাভেদ আখতারের ডকুমেন্টারি সিরিজ ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এ আরবাজ খান বলেছিলেন— তার মা সালমা তাদের বাবার সঙ্গে স্ত্রী হেলেনের সঙ্গে সম্পর্ক নিয়ে বা তাদের বিরুদ্ধে কখনো খারাপ কিছু বলেননি।

    বিনোদন ডেস্ক

  • শিগগিরই একসঙ্গে আমির শাহরুখ ও সালমান

    বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খান বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ খান দেখা করেছিলাম। তখন আমাদের একসঙ্গে একই ছবিতে অভিনয় করা নিয়ে আলোচনা হয়েছে। 

    তবে কি আমরা ধরে নিচ্ছি— একসঙ্গে তিন খানকে সিনেমার পর্দায় দেখা যাবে। বহু দিন ধরে এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। হ্যাঁ, একই সিনেমায় একসঙ্গে তিন খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। সম্প্রতি এমন খবরই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা আমির খান।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছয় মাস আগে বলিউড বাদশাহ শাহরুখ খান ও বলিভাইজান সালমান খানের সঙ্গে একসঙ্গে একই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে আলোচনা করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে কথা হয়েছে।

    আমিরই নাকি বিষয়টি তুলে ধরেন আলোচনার মধ্যে। অভিনেতা বলেন, তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি— আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল। 

    আমির বলেন, আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটিরই অপেক্ষায় রয়েছি আমরা।

    গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে বাদশাহ শাহরুখের সঙ্গে ভাইজান সালমানকে দেখা গিয়েছিল। সেখানে দুজনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান জানান, তিনি নাকি এখনো ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার। 

    মিস্টার পারফেকশনিস্ট বলেন, এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম। শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি বলেন, অল্প বয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব।

    উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ের প্রস্তাব, দুশ্চিন্তার মধ্যে স্বস্তির হাসি সালমানের মুখে

    চলতি বছরের এপ্রিল মাসে বলিউড অভিনেতা সালমান খানের বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলি চালায় কিছু দুষ্কৃতকারী। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টারকে। শুধু সালমান খান নন, তার বাবাকেও হুমকি দেওয়া হয় ক্রমাগত। এর মধ্যে সম্প্রতি বন্ধুকে হারিয়েছেন সালমান। ভাইজানের বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এর পেছনে বিষ্ণোইরা আছেন বলে মত একাংশের। অথচ এ বিষয়ে সালমানকে দোষী বানানো হয়েছে, আসলে তিনি কোনো অপরাধ করেননি, নিজেকে নির্দোষ দাবি করেছেন।  

    বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর নতুন করে শঙ্কায় বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এরই মধ্যে এ হত্যার দায় শিকার করেছে। কৃষ্ণকায় হরিণ শিকার কেন্দ্র করে এই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ পুরোনো। সিদ্দিকী খুন হওয়ার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহত পান্ডিয়ার প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান।

    গত সপ্তাহে বাবা সিদ্দিকী যখন গুলিবিদ্ধ হয়েছেন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন সালমান খান। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকী পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সালমান। তবে তার পর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও।

    সপ্তাহান্তে ‘বিগ বস’-এর ঘরে নিজেই আসেন সঞ্চালক সালমান। এবার সেই ‘উইকেন্ড কা বার’ পর্বের ঝলক সামনে এসেছে। ‘বিগ বস’-এর ঘরে এবার প্রতিযোগী হিসাবে এসেছেন অভিনেত্রী চাহত পান্ডিয়া। তার সঙ্গে কথোপকথনের সময়েই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, তবে ভাইজান কি রাজি হলেন?

    সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত পান্ডিয়া কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন। জানান তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান যিনি নিয়মিত শরীর চর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্যশিল্পীকেও চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও তিনি কামনা করেন। কিন্তু এত গুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। অভিনেত্রী বলেন, আপনিই বিয়ে করে নিন না আমাকে।

    দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহতের প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তার পর বলেন, এই যে এত রকমের গুণের কথা আপনি বললেন, তার একটিও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা— আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না। এর পর চাহত বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না।

    গোটা ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন চাহত নিজেই। তিনি লিখেছেন, কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে বলে জানান এ অভিনেত্রী

    বিনোদন ডেস্ক

  • সালমানকে হত্যার হুমকি, কে এই গ্যাংস্টার বিষ্ণোই?

    লরেন্স বিষ্ণোই ভারতের একটি আলোচিত এবং কুখ্যাত গ্যাংস্টার, যার নাম বিভিন্ন বড় অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। ৩১ বছর বয়সি এই ব্যক্তি পাঞ্জাব থেকে উঠে আসলেও তার প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রদেশ এবং আন্তর্জাতিক মহলেও।

    বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দি থাকলেও তার অপরাধ জগতে প্রভাব এতটুকু কমেনি। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে তার নাম উঠে এসেছে।

    এছাড়া বলিউড সুপারস্টার সালমান খানকে কৃষ্ণসার হরিণ শিকারের জন্য হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    লরেন্স বিষ্ণোইয়ের অপরাধ জগতে প্রবেশ ছাত্রজীবন থেকেই। চণ্ডীগড়ের একটি কলেজে পড়াশোনা চলাকালীন ছাত্র রাজনীতিতে প্রবেশ করে, সেখানে সহিংসতার সঙ্গে জড়িয়ে পড়ে সে। কলেজে মারামারি এবং গোলাগুলির মতো অপরাধে নাম উঠে আসার পর থেকেই তার অপরাধ জগতের উত্থান শুরু হয়।

    ভারতের বিভিন্ন প্রদেশে মাদক ও অস্ত্র চোরাচালান, চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ পরিচালনা করে বিষ্ণোইয়ের গ্যাং। তার গ্যাং-এর সদস্য সংখ্যা প্রায় ৭০০, যারা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লিতে সক্রিয়। পুলিশ জানায়, কানাডায় বসবাসরত বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার দূর থেকে এই গ্যাং পরিচালনা করছে।

    কানাডার পুলিশও সম্প্রতি দাবি করেছে, ভারত সরকার খালিস্তানি নেতাদের টার্গেট করতে বিষ্ণোইয়ের গ্যাংকে ব্যবহার করছে।

    যদিও ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

    লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে ১৯টি বর্তমানে বিচারাধীন। তবুও তার অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই, কারাগারে থেকেও সে নির্বিঘ্নে তার গ্যাং পরিচালনা করছে বলে ধারণা করছে পুলিশ।

    এই গ্যাংস্টারের প্রভাব শুধু অপরাধেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পষ্ট। অনেক তরুণের কাছে সে অপরাধী জীবনযাপন এবং গ্ল্যামারের প্রতীক হয়ে উঠেছে, যা পাঞ্জাবের সামন্ততান্ত্রিক সংস্কৃতির এক বিকৃত প্রতিফলন।

    বিষ্ণোইয়ের অপরাধী জীবনের শুরু এবং তার প্রভাব বিস্তারের গল্পটি ভারতের অপরাধ জগতের একটি অন্ধকার দিককে প্রকাশ করে, যা পুলিশ এবং সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

    সূত্র: বিবিসি

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-সালমানের দ্বন্দ্ব মিটিয়েছিলেন বাবা সিদ্দিকী

    সাবেক মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে আততায়ীদের গুলিতে মারা গেছেন। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে তার ওপর গুলি চালায় তিন দুষ্কৃতকারী।

    এ সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান খান। প্রিয় মানুষের মৃত্যুতে বলিউড ভাইজান বড় সিদ্ধান্ত নিয়েছেন।

    বি টাউনে বাবা সিদ্দিকীর সঙ্গে সালমান খানের সম্পর্কের গভীরতা সবারই জানা। তিনি সালমান ও শাহরুখ খানের দ্বন্দ্ব মেটানো রূপকার ছিলেন বাবা। একসময় এমন ছিল— যখন শাহরুখ-সালমান একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতেন।সেটি মিটমাট করেন বাবা।

    বলিউডের দুই নায়কের সম্পর্ক তিক্ত হয়েছিল ২০০৮ সালে। ক্যাটরিনা কাইফের জন্মদিনের একটি ঘটনা কেন্দ্র করে। সেই সময় বাবা সিদ্দিকীর ডাকেই তার ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান। সেখানেই তাদের দীর্ঘ সময়ের দ্বন্দ্ব মিটিয়েছিলেন তিনি। দুই খানকে আবারও বেঁধেছিলেন বন্ধুত্বের বাঁধনে। সেখানেই দুজনের অভিমানের বরফ গলে যায়। আলিঙ্গনে মিটে যায় যাবতীয় তিক্ততা। 

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতি বছর ইফতারে জমকালো পার্টি দিতেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী। সেখানে দেখা মিলত বলিউডের বড় বড় তারকাদের। কলকাতা থেকে উড়ে যেতেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। এই পার্টিতেই বাবা সিদ্দিকী সালমান খানের সঙ্গে শাহরুখ খানের যে মনোমালিন্য চলছিল, তা  মিটিয়ে দেন তিনি। তাই শতব্যস্ততার মাঝেও বাবা সিদ্দিকীর দেওয়া ইফতার পার্টিতে ছুটে যেতেন সালমান খান। বাবা সিদ্দিকীর মৃত্যুর খবর পেয়ে তিনি বিচলিত হবেন—এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই তিনি শোকের খবর শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, রিয়্যালিটি শোর শুটিং মাঝপথে বন্ধ করে দেন।

    বাবা সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। কিন্তু অভিযুক্তদের দাবি— তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই এই বিষ্ণোই গ্যাংয়েরই হিটলিস্টে রয়েছেন সালমান। ফলে সুপারস্টারের জন্য অনুরাগীদের চিন্তা আরও বাড়ল।

    জানা গেছে, এভাবে বাবা সিদ্দিকীর ওপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে। কারণ রোববার সকালে সিদ্দিকী খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। যে দুজনকে ধরা হয়েছে, তারা স্বীকার করেছে যে, তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। লরেন্স বিষ্ণোই লাগাতার সালমানকে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে তাই ভাইজানের পরিবারও অস্বস্তিতে। সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নিহত নেতা বাবা সিদ্দিকী।

    উল্লেখ্য, এর আগে গত ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায় দুই বন্দুকবাজ। মুম্বাই পুলিশের পেশ করা চার্জশিটে বলা হয়েছে— সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে ভিকি গুপ্তা ও সাগর পালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

    সালমান বিগত সময়ে একাধিকবার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। এবং যেখানে বলা হয়েছে যে, নিহত গায়ক সিধু মুসেওয়ালার মতো তারও একই পরিণতি হবে। সালমান যখন থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, তখন থেকেই অভিনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে সুরক্ষার জন্য চাপ দিচ্ছিলেন বাবা সিদ্দিকী।

    এদিকে পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত চোখের জল ধরে রাখতে পারছিলেন না। গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এ সময় স্বামী রাজ কুন্দ্রাকেও দেখা যায়— এই কঠিন সময়ে স্ত্রীকে সঙ্গ দিতে।

    গোটা ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এ জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’।

    বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ ও হরিয়ানার দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রেই আরও জানা গেছে যে, বাবা সিদ্দিকীকে ১৫ দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, যার পরে তার নিরাপত্তা ওয়াই ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • আমি কি তাকে ভুলতে পারি: সালমানকে ইউলিয়া

    বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনো বিয়ের মালা গলায় পরেননি ভাইজান। ব্যক্তিজীবনে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন, কারও সঙ্গেই থিতু হতে পারেননি তিনি। সর্বশেষ বিদেশিনী মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করেছেন বলিউড ভাইজানখ্যাত সালমান। দীর্ঘদিন প্রেম করেও বিয়ে অবধি যায়নি এ জুটি। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পারিবারিক জমায়েত সব জায়গাতেই দেখা মেলে মডেলইউলিয়া ভান্তুরের। 

    এর আগে ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তারা। একসময় খানবাড়িতে থাকতেন এ বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন— ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না তেমন কিছুই হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। 

    সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান মডেল ইউলিয়া। যদিও সালমনাকে দেখা যায়নি সেখানে, তবু অভিনেতাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। যেখানে সালমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘আমি তাকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’

    গত বছর একটি টকশোতে গিয়ে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমিকাদের দোষ নয়; বরং দোষ রয়েছে তার মধ্যেই। যে কারণেই সম্পর্ক স্থায়িত্ব হয়নি।

    বিনোদন ডেস্ক

  • রতন টাটার মৃত্যু: শোকবার্তায় যা বললেন সালমান আনুশকা ও প্রিয়াংকা

    ভারতের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ টাটার কর্ণধার রতন টাটা বুধবার রাতে মারা গেছেন। তার মৃত্যু নিঃসন্দেহে দেশটিতে গভীর শূন্যতা তৈরি করেছে। শোকের ছায়া নেমে এসেছে বলিউডপাড়াতেও। বার্তা দিয়েছেন সালমান খান, প্রিয়াংকা চোপড়া ও আনুশকাসহ অনেকেই। 

    প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা এদিন ৮৬ বছর বয়সে মারা গেছেন। এই সপ্তাহের শুরুতে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অনেক তারকাই এই কিংবদন্তির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন, তার নেতৃত্ব দেওয়ার গুণ, মূল্যবোধ এবং দেশের প্রতি বিশেষ অবদানের কথা স্মরণ করেছেন।

    অভিনেত্রী আনুশকা শর্মা তার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন— ‘শ্রী রতন টাটাজির খবরে গভীরভাবে দুঃখিত। তিনি যা কিছু করেছেন, তার মাধ্যমে তিনি সততা, অনুগ্রহ ও মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন এবং সত্যিকার অর্থেই ভারতের আইকন ও তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’

    তার মৃত্যুতে প্রিয়াংকা চোপড়া জোনাস লিখেছেন— ‘আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লাখ লাখ মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গেছেন। আপনার নেতৃত্ব ও উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনি আমাদের দেশের জন্য যা কিছু করেছেন, তাতে আপনার আবেগ ও উৎসর্গ ছিল স্পষ্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সবার অনুপ্রেরণা। খুব মিস করব স্যার।’

    বলিউড সুপারস্টার সালমান খান একটি ছবি দিয়ে শেয়ার করেছেন— ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ 

    অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন— ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা ও সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন। তার আত্মা শান্তি পাবে।’

    অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন— ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে গোটা বিশ্ব শোক করছে। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তার অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’

    অভিনেতা বরুণ ধাওয়ান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রতন টাটার একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন— ‘আপনার আত্মার শান্তি কামনা করি রতন টাটা স্যার।’

    অভিনেতা রণদীপ হুডা টাটাকে ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তা তার বিশাল সম্পদের জন্য নয়, তার মূল্যবোধের জন্য। যোগ করেছেন যে, তার সততা ও নম্রতা অনেককে অনুপ্রেরণা দিয়েছে৷ ‘কখনো শো-অফ নয় কিন্তু সর্বদা তারকা রতনটাটা জির নেতৃত্বে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে’। 

    রীতেশ দেশমুখ লিখেছেন— ‘শ্রী রতন টাটাজি আর নেই জেনে গভীরভাবে দুঃখিত। পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা। রেস্ট ইন গ্লোরি স্যার।’

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক