Tag: কান চলচ্চিত্র উৎসব

  • কান-এর আলোচিত পাঁচ সিনেমা

    কান-এর মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। ৭৮তম এ উৎসবে প্রদর্শিত হয়েছে বেশকিছু সিনেমা। এগুলোর মধ্যে শিল্পমান সমৃদ্ধ হিসাবে দর্শক ও বোদ্ধাদের কাছে প্রশংসিত হয়েছে পাঁচটি ব্যাতিক্রমী সিনেমা।

    ওয়ান্স আপন আ টাইম ইন গাজা

    সারা বিশ্বই এখন অবরুদ্ধ গাজার প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছে। গাজাবাসীর বর্তমান দুর্দশাগ্রস্ত সাম্প্রতিক সংগ্রামী জীবন সম্পর্কে ধারণা আগামই তুলে ধরেছিলেন জমজ দু’ভাই টারজান নাসের ও আরব নাসের। ২০০৭ সালের পটভূমিতে নির্মিত একটি অপরাধ থ্রিলার হুবহু বর্তমানের চিত্র তুলে ধরেছে- এটাই সিনেমার সার্থকতা। দোকানের মালিক ওসামা এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর ইয়াহিয়ার জীবনযন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। কিন্তু হাসাস ও দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দ্বন্দ্বে ভেঙে চুরমার হয় ইয়াহিয়ার মতো হাজারো গাজাবাসীর স্বপ্ন। আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে সিনেমাটি প্রদর্শিত হয় উৎসবে।

    আয়েশা ক্যান’ট ফ্লাই অ্যাওয়ে 

    এ সিনেমাটি বানিয়েছেন মিশরীয় পরিচালক মুরাদ মোস্তফা। কান’র আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত এ সিনেমার প্রধান চরিত্র ২৬ বছর বয়সী এক নারী- যিনি কায়রোর কাছাকাছি আইন শাম্স এলাকায় বসবাস করেন। বিশাল আফ্রিকান অভিবাসী সম্প্রদায়ের আবাসস্থল হিসাবে পরিচিত এ এলাকার সুদানি তত্ত্বাবধায়ক আয়েশা। এই এলাকার আন্ডারওয়ার্ল্ড ও বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির সাক্ষী তিনি। এমন একটি বৈরি পরিবেশে অভিবাসীরা কতটা কঠোর বাস্তবতার মুখোমুখি হন- সেটাই তুলে ধরা হয়েছে সিনেমাটির গল্পে। 

    সিরাত

    কান উৎসবে মূল প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমা সিরাত। ফরাসী বংশোদ্ভুত স্প্যানিশ পরিচালক অলিভার লাক্সে নির্মিত এ নাটকীয়তাপূর্ণ সিনেমার গল্প আবর্তিত হয়েছে লুইস নামের একজন বাবাকে ঘিরে, যিনি তার ছেলের সঙ্গে দক্ষিণ মরক্কোতে নিখোঁজ হওয়া মেয়ে মেরিনাকে খুঁজতে বেরিয়েছেন। মরুভূমির মধ্য দিয়ে তাদের কষ্টকর ভ্রমণের মধ্য দিয়ে আধ্যাত্বিকতাকে অন্বেষণ করেছেন পরিচালক। যে কারণে এটির নাম রেখেছেন সিরাত। ইসলামে সিরাত মানে সেই সেতু, যা বেহেস্ত ও দোজখের মাঝে বিরাজ করে। অর্থাৎ যিনি এ সেতু পার হতে পারবেন, তিনি বেহেস্তের অধিবাসী হবেন। রূপক অর্থে ব্যবহৃত এ শিরোনামের সঙ্গে মানবিক সহনশীলতার সীমা ও অর্থ সন্ধানের রহস্যময় সম্পর্ক তুলে ধরা হয়েছে।

    ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট

    ইরানি পরিচালক জাফর পানাহি নির্মিত এই থ্রিলার সিনেমাটি কান উৎসবের মূল প্রতিযোগিতায় প্রদর্শিত হয়। সিনেমার গল্পে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছিলেন এঘবাল। হঠাৎই একটি কুকুরের সঙ্গে তার গাড়িটি ধাক্কা খায় এবং গাড়িটি বিকল হয়ে যায়। অগত্যা তিনি কাছের একটি গ্যারেজের মালিক ওয়াহিদের শরণাপন্ন হন। কিছুক্ষণ পরই ওয়াহিদ লক্ষ্য করলেন, এঘবালকে দেখতে ওই লোকটির মতো মনে হয় যে কারাগারে ওয়াহিদকে প্রচুর অত্যাচার করেছিল। 

    এঘবালের ওপর কড়া নজর রাখলেন তিনি। লোকটিকে জীবন্ত কবর দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোতে থাকলেন তিনি। চূড়ান্ত কাজের আগে ক্রসচেক করে মিলিয়ে নিতে চান এঘবাল কি আসলে সেই লোকই কিনা। এভাবেই এগিয়ে যায় গল্প। 

    প্রমিজ্ড স্কাই 

    আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত হয় ফরাসি-তিউনিসিয়ান নির্মাতা এরিগে সেহিরি পরিচালিত ‘প্রমিজ্ড স্কাই’ সিনেমাটি। সিনেমাটির গল্প এগিয়েছে তিউনিসে বসবাসকারী তিন আইভোরিয়ান নারীর জীবনযুদ্ধ নিয়ে। 

    মারি আইভোরিয়ান যাজক ও সাবেক সাংবাদিক, যিনি দশ বছর ধরে তিউনিসিয়ায় বসবাস করছেন। ন্যানি একজন তরুণী মা, যিনি উন্নত ভবিষ্যতের সন্ধানে সংগ্রাম করছেন। আরেকজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ছাত্রী জোলি, যিনি তার পরিবারের একমাত্র আশাআকাক্সক্ষার আলোকবর্তিকা। তাদের কাছেই আশ্রয় নেয় জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া একটি ছোট অনাথ মেয়ে, যে সাব-সাহারান অভিবাসীদের প্রতি বৈষম্যের চিহ্ন বহন করে চলেছে।

    সেলিম কামাল

  • ফ্যাশনের শহরের উদ্দেশে আলিয়া

    ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে  বলিউডের বেশ কিছু তারকাকে। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও। এবারও ব্যতিক্রম নয়। 

    কান উৎসব শেষের পথে। এর মধ্যেই কানে যাত্রা শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী  আলিয়া ভাট। যদিও প্রথমে শোনা গিয়েছিল পাক-ভারত যুদ্ধের কারণে কান চলচ্চিত্র উৎসবে এ বছর যোগ দেবেন না, সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। কিন্তু আবার সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। পরিকল্পনা অটুট রাখেন। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন আলিয়া ভাট, নতুন চমকের অপেক্ষায় অনুরাগীরা।

    গত কয়েক দিন সবার চোখ ছিল এ অভিনেত্রীর দিকে৷ কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় কোন কোন ভারতীয় তারকাকে দেখা যাবে? তাদের সাজ পোশাক নিয়ে ছিল বাড়তি উৎসাহ। বর্ষীয়ান অভিনেত্রী শর্মিল ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতোমধ্যে দেখে ফেলেছেন অনুরাগীরা। তবে অভিনেত্রী আলিয়া ভাট যাবেন কী যাবেন না, তা নিয়ে অনেক রকম আলোচনাই হয়েছে। 

    এর আগে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন আলিয়া৷ ভারত-পাকিস্তান যুদ্ধের এই টালমাটাল পরিস্থিতিতে দেশ না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সব আলোচনা নস্যাৎ করে ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন আলিয়া ভাট। ফ্যাশনের দেশে যাচ্ছেন। ঠিক সেভাবেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল অভিনেত্রীকে৷

    তার পরনে ছিল ব্লেজার, ট্রাউজার আর চোখে রোদচশমা। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি। যতদিন যাচ্ছে অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ছে সবার। তাই এ বছর কানের লালগালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষায় করছে, সেটাই আশা করছে আলিয়া ভাটের ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রী যে চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাবেন, সেটা আগেই জানা গিয়েছিল তার ঘনিষ্ঠ মহলের তরফে।

    এর আগে আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন— সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলে মনে করছেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকেই নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।

    উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়াকে। তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

    বিনোদন ডেস্ক

  • কানে আজ পর্দা ফাটাবে ‘আলী’, যা বললেন রাজীব

    ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। শেষের পথে উৎসব। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় ঢালিউডের কোনো না কোনো তারকা অংশগ্রহণ করে থাকেন। এবার কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। 

    প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প বলা হয়েছে—’আলী’ সিনেমা উপকূলীয় একটি শহরের গল্প; যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না, সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

    গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উৎসব থেকে সিনেমা ‘আলী’ সম্পর্কে পরিচালক বলেন, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব একদিনেই প্রদর্শিত হয়। প্রত্যেক সিনেমাই দুটি করে প্রদর্শনী হয়। 

    রাজীব বলেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কিনা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। তিনি বলেন, আমরা তো জানি, কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ ও উপস্থাপনার সব সিনেমা।

    সিনেমার প্রদর্শনীর পূর্বমুহূর্তে আপনার অনুভূতি কেমন—এমন প্রশ্নের উত্তরে রাজীব বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

    এ নির্মাতা বলেন, আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটি অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই, কারণ আমি জানি এটা আমার সত্য।

    এর আগে গত সপ্তাহে ‘আলী’র টিজার প্রকাশ পেয়েছে। সেই সম্পর্কে রাজীব বলেন, ‘আলী’ বেশ প্রশংসিত হচ্ছে। টিজার প্রকাশের পর আলী ও তার মায়ের প্রসঙ্গে অনেকে কথা বলছেন। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এগুলো বেশ উপভোগ করছি।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার গলায় থাকা চুনির মালার মূল্য কত?

    সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত ঐশ্বরিয়া রাইয়ের। প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন অভিনেত্রী। তার পর কেটে গিয়েছে ২৩ বছর। প্রতি বছরই পাশ্চাত্যের পোশাকে দেখা গিয়েছে তাকে। প্রত্যেকবারের মতো এ বারও তার সাজ-পোশাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

    পোশাক শিল্পী মণীশ মালহোত্রার সোনা-রুপার জরি দিয়ে কারুকাজ বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। শাড়িতে যেমন গয়নার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরার গয়নার মালা। এমন বিরল সব গয়নার মূল্য নেহাত কম নয়। খবর আনন্দবাজার অনলাইনের।

    অভিনেত্রীর সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। ‘কড়ওয়া’ বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সে কারণেই বেনারসির নাম ‘কড়ওয়া’। পোশাক শিল্পী মণীশ নিজেই জানিয়েছেন শাড়িটিতে রুপা এবং রোজ গোল্ডের জরি ব্যবহার করে বুটিগুলি বোনা হয়েছে।

    সেই সোনা-রুপার জরির ওপর বুনে দেওয়া হয়েছে সূক্ষ জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এ শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বরিয়া। হাতে ছিল চুনির আংটি। চুনির হারগুলি প্রতি ক্যারেট মাথাপিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লাখ রুপি। ফলে অনুমান করাই যাচ্ছে ৫০০ ক্যারেটের চুনির মালাগুলোর দাম কয়েক কোটি টাকা। এছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনা গুলি সবই প্রায় ১৮ ক্যারেটের। মোটামুটি বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১ হাজার রুপির কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায় কয়েক শো কোটি খরচ করেছেন বচ্চন বধূ।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া

    শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে।

    এর মধ্যেই ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা ইতোমধ্যে জানা গেছে। এর মধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।

    কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট—এমন সংবাদই ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছিলেন অভিনেত্রী। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে উৎসবে যেতে অপারগতা প্রকাশ করেন। শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়।

    কান উৎসবের প্রথম দিনেই তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। যদিও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ১০ দিন ধরে চলবে কান উৎসব। পরের দিকে তিনি আসবেন কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে।

    অবশেষে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তে পালটেছেন আলিয়া ও তার সহকারী দল। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লালগালিচায় হাঁটবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার একটি দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন অভিনেত্রী।

    প্রাথমিকভাবে পরিকল্পনা বাতিল করলেও শেষ পর্যন্ত তাকে দেখতে পাবেন অনুরাগীরা। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।

    উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে। তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

    বিনোদন ডেস্ক

  • কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

    প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া। 

    তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।  খবর এনডিটিভির। 

    কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। ‘

    তিনি বলেন, ‘সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। ’

    এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

    প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব।  ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি, ল’রিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা। যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।

    বিনোদন ডেস্ক

  • সম্মানসূচক পাম ডি’অর উঠছে ডি নিরোর হাতে

    অভিনয় ও প্রযোজনায় জীবনের অসামান্য অবদানের জন্য রবার্ট ডি নিরোকে দেওয়া হচ্ছে সম্মানজনক পাম ডি’অর। আগামী ১৩ মে শুরু হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।  

    ঠিক ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা। সেই দিনেই এবার পুরস্কারটি পাচ্ছেন তিনি।

    রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৬ সালে তিনি অংশ নেন দুটি অফিসিয়াল নির্বাচিত ছবিতে— বার্নার্ডো বার্তোলুচ্চির ‘১৯০০’ এবং মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’। এর মধ্যে ‘ট্যাক্সি ড্রাইভার’ সেবার জিতে নেয় সেরা ছবির পুরস্কার পাম ডি’অর।  

    এরপর ১৯৮৩ সালে স্করসেজির ‘দ্য কিং অব কমেডি’ এবং ১৯৮৪ সালে সের্জিও লেওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’ ছবিতে কান উৎসবে ফিরেন তিনি। ১৯৮৬ সালে ‘দ্য মিশন’ ছবির মাধ্যমে আবারও তিনি জিতেছেন পাম ডি’অর।  

    সবশেষ ২০২৩ সালে তিনি ছিলেন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সঙ্গে কানের লাল গালিচায়।  

    এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ডি নিরো। তিনি বলেন, ‘কান উৎসবের প্রতি আমার অনুভূতি অনেক গভীর—বিশেষ করে এখন, যখন বিশ্বে অনেক বিভক্তি, তখন কান আমাদের একত্র করে—গল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে যাই। এটা যেন ঘরে ফিরে আসার মতো।’

    পুরস্কার পাওয়ার পাশাপাশি ১৪ মে, বুধবার ডেবুশি থিয়েটারে একটি মাস্টারক্লাসও নেবেন ডি নিরো। উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ মে থেকে ২৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে।

    বিনোদন ডেস্ক

  • নিজের যে ‘গোপন রহস্য’ ফাঁস করলেন ঐশ্বরিয়া রাই

    বলিউডের অন্যতম স্টাইল আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অংশগ্রহণকারী এবং প্যারিস ফ্যাশন উইকেরও অন্যতম প্রধান মুখ। এই বচ্চনবধূ সম্প্রতি তার ব্যক্তিগত ‘গোপন রহস্য’ শেয়ার করেছেন সবার সঙ্গে। 

    IANS-এর সঙ্গে এক সাক্ষাৎকারে, ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি তার ফ্যাশন সচেতনতাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টা স্বতঃস্ফূর্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, স্বতঃস্ফূর্ত, আরামদায়ক এবং বাস্তবসম্মত রাখা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ’।

    সাবেক এই মিস ওয়ার্ল্ড আরও বলেন, ‘ফ্যাশনকে আমি শিল্প হিসেবে দেখি। এটা এমন একটি শিল্প যা উপভোগ করার মতো এবং এটা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জাগাতে পারে। আর এটাই ফ্যাশনের আসল সৌন্দর্য। এটি সম্পূর্ণ ডিজাইনারদের সৃষ্টি। যাদের সঙ্গে আমি কাজ করেছি, আর তাদের বেশিরভাগই আমার বন্ধু’।

    ঐশ্বরিয়া আরও যোগ করেন যে, তার ফ্যাশন মন্ত্র হলো- ‘সময়ের সঙ্গে চলা’। বচ্চনবধূ বলেন, ‘আমার ফ্যাশনে মাঝে মাঝে আমি স্পষ্টভাবে ধরা পড়ি, যা সারা বিশ্ব দেখতে পায়। আবার কখনও কখনও এটি পুরোপুরি ডিজাইনারদের সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি এবং এটাকে বাস্তব সম্মত রাখি’।

    সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া রাই বচ্চনের ক্যাটওয়াকের ঝলক নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়।

    ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী ঐশ্বরিয়া রাই বচ্চনের চলচ্চিত্র জগতে অসাধারণ অবদান রয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দেবদাস, হাম দিল দে চুকে সনম, ইরুভার, গুরু, গুজারিশ, যোধা আকবর, তাল, রেইনকোট, জিন্স, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং মহব্বতে। 

    তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত এবং কান চলচ্চিত্র উৎসব, প্যারিস ফ্যাশন উইকসহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেন। সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক