Tag: আদালত

  • অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে আদালত ত্যাগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

    সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে আদালতে হাজির হন পরীমনি। এদিন বিকালে পরীমনিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার জন্য সময় ধার্য করেন বিচারক। 

    তবে সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক।

    আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তিনজনের পক্ষে বাদীকে জেরার জন্য দিন ধার্য ছিল। এজন্য তিনি আদালতে উপস্থিত হন। 

    বেলা সাড়ে ১১ টায় জানানো হয় যে, বিকেল ৩টায় পরীমনিকে জেরা করা হবে। এ জন্য পরীমনি গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। এইভাবে বসে থাকার পর বিকেল ৩টার দিকে পরীমনি সময় চেয়ে আবেদন করেন।

    আরও পড়ুন


    সেখানে উল্লেখ করা হয়, তিনি অসুস্থতা অনুভব করছেন। পরে আদালত তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি আদালত থেকে ফিরে যান।  

    নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধেও একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। 

    ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান।

    বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

    এছাড়া ২০২১ সালের ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির একই বছরের ৫ আগস্ট চারদিন ও ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

    সম্প্রতি পিংকি আক্তার নামে এক গৃহকর্মী তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় মামলা করেন। 

    বিনোদন প্রতিবেদন

  • জামিন পেলেন নুসরাত ফারিয়া

    বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার
    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর
    রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।

    আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।

    এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয়।

    এ সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয়। শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন। শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে।

    এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

    উল্লেখ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

    যুগান্তর প্রতিবেদন

  • বিরক্তিভরা মুখে আদালতকে একাধিকবার ‘ধন্যবাদ’ জানালেন তাপস

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর গুলশান থানার জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় গান বাংলা টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

    বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর পর বিরক্তিভরা মুখে আদালতকে একাধিকবার ধন্যবাদ জানান তিনি। 

    এদিন সকাল সাড়ে ১০টার পর তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে কাঠগড়ার সামনের দিকে দাঁড়ান তিনি। এ সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। অন্য আসামিদের গ্রেফতার শুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম। 

    তিনি বলেন, ‘এ মামলার সঙ্গে কৌশিক হোসেন তাপসের সম্পর্কের সন্ধান পেয়েছি। এ হত্যাচেষ্টা মামলায় যারা অস্ত্র দিয়েছে, খাদ্য দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাপস তাদের একজন।’ 

    পরে আসামিপক্ষের আইনজীবী আরাফাত মোস্তফা বলেন, ‘এ সব মামলার সঙ্গে ওনার সংশ্লিষ্টতা নেই। তিনি হাইকোর্ট থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন। এ কারণে তাকে আবার নতুন মামলায় জড়ানো হচ্ছে। জুলাই আন্দোলনের সময় তিনি প্রোফাইল লাল করেছেন।’ 

    এদিকে বিচারক তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তিনি বিচারকের দিকে বিরক্তিভরা মুখে কয়েকবার বলেন, ‘ধন্যবাদ, ধন্যবাদ।’ দ্বিতীয় তলা থেকে লিফটে নামতে নামতে তিনি পুলিশের সঙ্গেও জোরাজুরি করেন।

    বিনোদন ডেস্ক

  • বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপদে বলিউড অভিনেত্রী

    ১৯৯৯ সাল। রাজস্থানের জোধপুরে বলিউড সিনেমা ‘হাম সাথ সাথ হ্যাঁয়’–এর শুটিং চলাকালীন সময় উঠেছিল বড়সড় এক অভিযোগ—বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেছেন অভিনেতা সালমান খান। এ অভিযোগের পর থেকেই শুরু হয় বলিউড সুপারস্টারকে ঘিরে এক দীর্ঘ ও জটিল আইনি অধ্যায়ের।

    ২০১৮ সালে এ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে জোধপুর আদালত। সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান।

    এ বার তিন ধরনের বিরল বন্যপ্রাণী খেয়ে ফেললেন ‘লাপতা লেডিস’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। মারাঠি এই অভিনেত্রীর সিনেমা ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত হয়েছেন। তিনি নাকি নিজেই স্বীকার করেছেন তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষে আইনি নোটিশ গিয়েছে ছায়ার কাছে।

    এমনিতেই ভারতে এই তিন প্রাণী হত্যা নিষিদ্ধ। অভিনেত্রী কীভাবে এই তিন বিরল প্রাণীর মাংস পেলেন তার খোঁজ চালানো হচ্ছে। জানা গিয়েছে, ঠানে এলাকা থেকে এই মাংস খেয়েছেন অভিনেত্রী। মনে করা হচ্ছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চোরাশিকারিরা।

    ইতিমধ্যেই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এ ঘটনার তদন্তকারী আধিকারিক রাকেশ ভোর জানিয়েছেন, ছায়া কদম শহরে নেই। ছবির শুটিংয়ের কাজে চার দিনের জন্য বাইরে আছেন।

    তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য সহযোগিতা করবেন। এরই পাশাপাশি আইনি সুরক্ষার ব্যবস্থাও করছেন তিনি। সবে কর্মজীবনে সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন অভিনেত্রী। ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ এবং ‘লাপতা লেডিজ’— দুটি ছবিই প্রশংসিত। এর মধ্যে তবে কি কোনো বিপদের মুখে পড়বেন অভিনেত্রী?

    বিনোদন ডেস্ক

  • সোনাপাচার মামলায় জামিন হচ্ছে না অভিনেত্রীর

    দুবাই থেকে ১২ কোটি টাকার সোনাপাচারের অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের জামিন মিলছে না। সেই সঙ্গে তার বন্ধু তরুণ কন্ডুরু রাজুর জামিনের আবেদন খারিজ করলেন কর্নাটক হাইকোর্ট। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিচারপতি এস বিশ্বজিৎ শেঠি এ নির্দেশ দেন। আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশ হয়নি।

    আর রানিয়া রাওয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি অভিনেত্রীকে সোনা নিয়ে বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করেছিলেন।

    সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে— ১৯৭৪ সালের বিদেশি মুদ্রা সংরক্ষণ ও চোরাচালান প্রতিরোধ আইন প্রয়োগের ফলে অভিযুক্ত রানিয়া রাও এক বছরের মধ্যে জামিন পাওয়ার কোনো সুযোগ পাবেন না।

    অন্যদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে— আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, তদন্তে উঠে এসেছে রানিয়া রাও ও তার বন্ধু তরুণ মিলে অন্তত ১০০ কেজি সোনা দুবাই থেকে ভারতে পাচার করেছেন। সংস্থাটির আরও দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র তিন মাসে দুজনে একসঙ্গে ২০ বার দুবাই গেছেন। গত এক বছরে রানিয়া একাই দুবাই গেছেন ৫৬ বার।

    আদালতে রানিয়ার পক্ষের আইনজীবী সন্দেশ চৌটা বলেন, রানিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে তরুণের আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে একমাত্র অভিযোগ— তিনি দুবাই গিয়ে সোনা রানিয়ার হাতে তুলে দিয়েছিলেন।

    তবে ডিআরআইয়ের আইনজীবী মধু এন রাও আদালতে বলেন, পাচারের বিষয়টি স্পষ্ট এবং এ মামলার তদন্ত এখনো চলছে। তিনি বলেন, ‘বিমানবন্দরে রানিয়া কীভাবে ভিআইপি প্রোটোকল ও পুলিশ এসকর্ট পেলেন, সেই দিকটিও তদন্তাধীন।

    উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেফতারের পর লাভেল রোডের নন্দওয়ানি ম্যানশনে তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে ২.৬৭ কোটি রুপি ও ২.০৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তার বাড়ি থেকে তিনটি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য ১৭.২৯ কোটি রুপি। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর রানিয়া পুলিশ কনস্টেবল বাসবরাজুর সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআইয়ের কাছে। ফলে অভিনেত্রীকে সোনাসহ হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভেতরে ১২.৫৬ কোটি রুপি মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা পাওয়া যায়। গ্রেফতারের পর অভিনেত্রীকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • গান চুরির অভিযোগ, এআর রহমানকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

    ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত।  একটি গান থেকে সুর চুরি করে তৈরি করা হয়েছে আরেকটি গান, যা শুনতে একই রকম লাগে—এমনটিই অভিযোগ করা হয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের বিরুদ্ধে। আর তাই এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি টাকা দিতে বলেছেন দিল্লি হাইকোর্ট। একটি গানকে ঘিরে কপিরাইট মামলায় জড়িয়ে এ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

    ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে সুর চুরি করেছেন এআর রহমান— এমনই অভিযোগ করেছেন ফৈয়াজুদ্দিনের ছেলে ভারতীয় শাস্ত্রী সংগীতশিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেই ইস্যুতে এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে— ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে। 

    ফৈয়াজের দাবি, ‘বীরা রাজা বীরা’র সুর, তাল ও লয় একেবারেই ‘শিবা স্তুতি’র কার্বনকপি। যদিও গানের কথা আলাদা। অন্যদিকে এআর রহমান বলেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। তিনি আরও বলেন, ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। যেখানে রয়েছে পাশ্চাত্য সংহীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের। 

    এ নিয়ে পানি কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

    বিনোদন ডেস্ক

  • সাইফের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়!

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের মামলায় নতুন মোড় নিয়েছে। আদালতে দেওয়া মুম্বাই পুলিশের চার্জশিটে দেখা গেছে, অভিনেতার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপের নমুনা অভিযুক্ত শরিফুল ইসলামের নমুনার সঙ্গে মেলেনি।

    সাইফের বাড়ির বিভিন্ন জায়গা ও সামগ্রী থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে ২০টি নমুনা পাঠানো হয়েছিল সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে। কিন্তু, তার মধ্যে ১৯টি নমুনাই শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি বলে খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম।

    চার্জশিটের তথ্যের বরাতে নিউজ ১৮ জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্টগুলি সংগ্রহ করা হয়েছিল বাথরুমের দরজার পিছন থেকে, শোওয়ার ঘরের স্লাইডিং দরজার এবং কাপবোর্ডের দরজা থেকে নেওয়া নমুনা শরিফুলের হাতের সঙ্গে মেলেনি।

    মাত্র একটি ছাপ মিলেছে শরিফুলের হাতের সঙ্গে, সেটি হল ওই বিল্ডিংয়ের ৯ তলা থেকে। পুলিশ সূত্র জানিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট কখনই নিশ্ছিদ্র তথ্যপ্রমাণ নয়। এক হাজারটির মধ্যে একটি মিলতে পারে। কারণ, যেখানে অনেক মানুষের হাতের ছোঁয়া আছে, সেখানে নির্দিষ্ট করে মাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপ শনাক্ত করা কঠিন। 

    গত সপ্তাহে জমা দেওয়া হাজার পাতার চার্জশিটে অবশ্য মুম্বাই পুলিশ শরিফুলের বিরুদ্ধে আরও বেশ কিছু অকাট্য তথ্যপ্রমাণ দিয়েছে। চার্জশিটে ফিঙ্গারপ্রিন্টের নমুনা পরীক্ষা রিপোর্ট ছাড়াও মুখাবয়ব শনাক্ত রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের দ্বারা আসামিদের চেনার রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট রয়েছে।

    ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলি খান। চলতি মাসের শুরুর দিকে নেটফ্লিক্স ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে আসেন অভিনেতা। গলায় ব্যান্ডেজ ও হাতে কাস্ট নিয়েই মঞ্চে উঠে সাইফ ‘জুয়েল থিফ’-এর প্রচার করেন।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ, অজয় ও টাইগারকে আদালতে তলব

    ভারতে পানমশলা নামে একটি পণ্য রয়েছে। এই পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনী নোটিশ দিয়েছে ভারতের জয়পুরের ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন। 

    আদালতের মতে, অভিনেতারা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিশ দেওয়া হল। 

    নোটিশে বলা হয়েছে, শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ অভিনীত পানমশলার বিজ্ঞাপনে দেখানো হয়, পণ্যের প্রতি দানায় দানায় কেশর রয়েছে। কিন্তু এই দাবি পুরোটাই বিভ্রান্তিকর। এ নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। বিজ্ঞাপনের ট্যাগ লাইনের বিরুদ্ধেই তার মূল অভিযোগ। তাই অভিযোগ নিয়ে তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হন। এরপর ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা এবং সদস্য হেমলতা আগরওয়াল নোটিশটি জারি করেন। 

    অভিযোগকারীর আইনজীবী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কেশর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও পানমশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু বিক্রি বাড়াতেই এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন বানিয়েছে পানমশলা তৈরির কোম্পানি। আর সেটা প্রচার করছেন এই তিন অভিনেতা।

    আদালত অভিযোগ আমলে নিয়ে পানমশলা প্রস্তুতকারক কোম্পানী ও অভিনেতাদের তলব করে আগামী ১৯ মার্চ তারিখ হাজিরা দিতে বলেছে। এক মাসের মধ্যে তাদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে এ নিয়ে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ কোনও মন্তব্য করেননি।

    আনন্দনগর ডেস্ক

  • পরীমনির আইনজীবীকে যে পরামর্শ দিলেন বিচারক

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মালায় গতকাল রোববার আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। 

    এর আগে সোমবার সকাল ১০টায় পরীমনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে হাজির হন। এসময় পরীমনি মানুষের জটলা দেখে হাসতে হাসতে আদালতের এজলাসের ভেতরে প্রবেশ করেন। এরপরে তিনি আদালতের এজলাসে পেছনের একটি বেঞ্চে বসে ছিলেন। কোর্ট ওঠার পর বিচারক অভিনেত্রীকে আদালতের নিয়ম অনুযায়ী কাঠগড়ায় দাঁড়াতে বলেন। এ সময় তিনি বেঞ্চ থেকে উঠে আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। 

    এরপর পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে শুনানি করেন।  

    তিনি বলেন, গতকাল (২৬ জানুয়ারি) মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।

    এরপর বিচারক মো. জুনাইদ আইনজীবীর উদ্দেশে বলেন, আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি (মর্যাদা) রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।

    উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

    মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

    গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

    তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ১৮ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

    বিনোদন ডেস্ক

  • জামিনের পর যা বললেন পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গতকাল রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দেন। এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।

    বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জামিন মঞ্জুর করেন।

    এদিকে জামিন পাওয়ার পর গণমাধ্যমকে পরীমনি বলেন, আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন, ভেবেছেন সেটি দেখে নিজের কষ্ট ভুলে গেছি। এভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

    অভিনেত্রী আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এ কারণেই একদম শেষ অবধি আমি বিশ্বাস রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায়বিচার পাব। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।

    এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সেই মামলায় আদালতে পরীমনির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীর আইনজীবী সোহেল। গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীমনির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

    তখন পরীমনির বিরুদ্ধে অভিযোগ করা হয়, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মূল্য দাবি করলে পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান।

    পরীমনির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর তার সহযোগীদের নিয়ে বোটক্লাবে ঢোকেন। ওই সময় বোটক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ শহিদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন। সেই সময়  পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এ সময় নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। 

    এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় বাদী নাসির, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। যদিও সেই মামলার তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

    এদিকে পরীমনির বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে কী সাজা হবে অভিনেত্রীর, সে নিয়েও চলছে নানা আলোচনা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মো. সোহেল।

    আইনজীবী সোহেল বলেন, পরীমনির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অভিনেত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে সর্বোচ্চ ৩ বছর সাজাপ্রাপ্ত হবেন পরীমনি।

    তিনি বলেন, ৩২৩ ধারার স্বেচ্ছায় আঘাত করার অপরাধটি প্রমাণ হলে সর্বোচ্চ ১ বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ২ বছরের সাজা হতে পারে পরীমনির। তবে আদালত চাইলে শাস্তি কমাতে পারেন। কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তিই চাইব।

    বিনোদন ডেস্ক