Tag: আতিফ আসলাম

  • ভারতীয় ভক্তদের উদ্দেশে আতিফ আসলাম, ‘আমি সবসময়ই তোমাদের মিস করেছি’

    বলিউডে কাজের পুরনো স্মৃতি এবং ভারতীয় শ্রোতাদের ভালোবাসার কথা স্মরণ করে পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বলেছেন, তিনি তার ভারতীয় ভক্তদের অত্যন্ত মিস করেন। একই সঙ্গে তিনি দুদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক বাধার মধ্যেও ক্রমাগত সমর্থনের জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আতিফ আসলাম তার নতুন মিউজিক প্রজেক্ট ‘বর্ডারলেস মিউজিক’ নিয়ে কথা বলেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে তরুণ ও প্রবীণ শিল্পী, সংগীত পরিচালক, গীতিকার এবং ইন্ডাস্ট্রির কিংবদন্তিদের একসঙ্গে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। 

    আতিফ বলেন, ‘আমি বর্ডারলেস মিউজিক নামের একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি।’ তিনি আরও জানান, এই প্রজেক্টের আওতায় শ্রোতারা শিগগিরই প্রচুর নতুন গান দেখতে পাবেন। 

    পাশাপাশি, ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর থাকা নিষেধাজ্ঞার প্রসঙ্গে আতিফ তার অনুরাগীদের মন খারাপ না করার পরামর্শ দেন। ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আমার সব ভারতীয় ভক্তদের বলতে চাই, নিষেধাজ্ঞার কারণে আপনারা মন খারাপ করবেন না বা দুঃখ পাবেন না। শুধু জেনে রাখুন, আমি সবসময়ই আপনাদের মিস করেছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে আতিফ এও স্পষ্ট করেন যে, সেখানে কাজ করার চেয়ে ভারতীয় শ্রোতাদের সঙ্গে সংগীতের মাধ্যমে গড়ে ওঠা সেই আত্মিক যোগাযোগটিকেই তিনি বেশি মিস করেন। এই সংগীতশিল্পীর ভাষায়, ‘আমি সেখানে কাজ করা মিস করি না, তবে আমি অবশ্যই আপনাদের সবাইকে মিস করি।’ 

    নিজের সংগীত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে আতিফ আরও বলেন, বলিউডে প্লেব্যাক গাওয়া তাকে অনেক কিছু শিখিয়েছে। এই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে নিজস্ব স্বতন্ত্র মিউজিক তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

    তিনি ইঙ্গিত দেন যে, পাকিস্তানি শিল্পীদের ওপর যদি এই নিষেধাজ্ঞা না আসত, তবে হয়তো তিনি সৃজনশীলভাবে আজকের এই ধারায় কাজ করতেন না। প্রতিকূল পরিস্থিতিতেও সব সময় তার পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য ভারতীয় ভক্তদের ধন্যবাদ জানান এই জনপ্রিয় গায়ক। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • গান ছাড়ার কোনো পরিকল্পনা নেই আতিফ আসলামের

    খ্যাতি, সাফল্যের চাপ এবং সংগীত জীবনকে বিদায় জানানোর চিন্তা—এমন নানা বিষয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। 

    ভারতীয় ইউটিউব চ্যানেল ‘দ্য কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই অভাবনীয় সাফল্যের পথচলা এবং খ্যাতির পেছনের মানসিক অভিজ্ঞতা ভাগ করে নেন। 

    সাক্ষাৎকারে নিজের উত্থানকে কেবল কঠোর পরিশ্রমের ফল বলতে নারাজ এই গায়ক। তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে এত সাফল্য পেয়েছি। আজও আমার কাছে এটি স্পষ্ট নয়।’ 

    নিজের ঝুলিতে শত সাফল্য থাকা সত্ত্বেও বিনম্র আতিফ বলেন, ‘অনেকে এটিকে কঠোর পরিশ্রমের ফল বলেন, কিন্তু সত্যি বলতে এখানে কেবল আমার পরিশ্রম ছিল না। আল্লাহ আপনাকে সেখানেই পৌঁছে দেন, যেখানে তিনি আপনাকে দেখতে চান।’ 

    ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে আতিফ জানান, প্রতিটি নতুন গান মুক্তির পর এক অদ্ভুত অনিশ্চয়তা কাজ করত। ‘একটি গান সফল হওয়ার পর মনে হতো—এরপর কী? দ্বিতীয় গানের পর মনে হতো, ব্যাস এইটুকুই! হয়তো মানুষ আর আমাকে পছন্দ করছে না।’ পরবর্তীতে তার একক অ্যালবাম এবং বিশেষ করে বলিউড সিনেমায় প্লেব্যাক করার পর জনপ্রিয়তা যেমন হু হু করে বাড়ে, তেমনই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চাপও কয়েক গুণ বেড়ে যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংগীত থেকে অবসর নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আতিফ আসলাম জানান, গান ছেড়ে দেওয়ার কথা তিনি কখনো গম্ভীরভাবে ভাবেননি। তবে একজন শিল্পীর জীবনে যে স্থবিরতা বা সৃষ্টিশীলতায় বাধা আসে, সেটিকে স্বাভাবিক হিসেবেই দেখেন তিনি।

    শিল্পীদের মানসিকভাবে শূন্য হয়ে যাওয়ার এই পর্যায়টি নিয়ে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আপনাকে এমন একটা ধাপের মধ্য দিয়ে যেতেই হয়, যখন নতুন কিছু লেখা বা সুর করা সম্ভব হয় না। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ তবে সেই কঠিন সময় একসময় কেটে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এমন সময় আসে যখন আপনি নিজের সৃষ্টিতে পরিতৃপ্তি পান। তখন শুধু চুপচাপ বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় এবং মুহূর্তটি উপভোগ করতে হয়।’ 

    পাকিস্তানি এই কণ্ঠশিল্পী এখনো দেশে ও আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশেও পারফর্ম করে গেছেন এই তারকা সংগীতশিল্পী। 

    বিনোদন ডেস্ক

  • মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

    অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের এই শিল্পী। 

    আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটিতে অংশ নিতেই তার এই আগমন। এর মাধ্যমে এই সংগীতশিল্পীর ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। 

    যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান থেকে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন দক্ষিণ এশিয়ার এই শ্রোতাপ্রিয় গায়ক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। 

    কনসার্টটি ঘিরে আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীতায়োজনে পরিণত হবে। 

    বিনোদন ডেস্ক

  • শাহ্ সিমেন্টের স্পন্সরশিপে আতিফ আসলামের মেইন স্টেজ শো

    দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ্ সিমেন্ট আসন্ন ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে তারুণ্যের বিনোদন, উদ্যাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

    মেইন স্টেজ আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই। অনুষ্ঠানস্থলের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১ টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫ টা থেকে। বিশ্বখ্যাত শিল্পী আতিফ আসলাম তার জনপ্রিয় গান নিয়ে মঞ্চ মাতাবেন, যেখানে উপস্থিত থাকবেন হাজারো সংগীতপ্রেমী।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদ্যাপনের উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এমন আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা এনে দেয়।

    ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • সব জটিলতা শেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম

    এবার বাংলাদেশি সংগীতপ্রেমীদের জন্য সুখবর। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন কনসার্ট করতে। বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় আসছেন তিনি। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান।

    আয়োজকদের তথ্যানুযায়ী, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন, কিন্তু অর্থ ফেরত নেননি; তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

    সেই সময় কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং অনুকূল পরিস্থিতিতে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছিলেন— তিনি আবারও বাংলাদেশে ফিরবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এলো।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই কনসার্টের ভেন্যু ঘোষণা করা হবে।

    এর আগে গত বছর ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চ নির্মাণ— সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগে স্থগিত করা হয়।

    আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম— সুযোগ পেলেই এ আয়োজন আবার ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

    তিনি আরও বলেন, এটি শুধু একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান নয়, এটি দর্শকদের প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্য্যের প্রতি সম্মান জানিয়ে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • ১৮ বছর পর আসছে আতিফ আসলামের নতুন অ্যালবাম

    দীর্ঘ প্রায় দুই দশকের বিরতি ভেঙে অবশেষে নিজের চতুর্থ স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পাকিস্তানের তারকা সংগীতশিল্পী আতিফ আসলাম। লন্ডনের ঐতিহ্যবাহী ওটু এরেনায় একটি লাইভ কনসার্ট চলাকালীন তিনি এই চমকপ্রদ ঘোষণাটি দেন, যা দক্ষিণ এশীয় সংগীত জগতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন হতে যাচ্ছে। 

    তার চলমান ‘বর্ডারলেস ওয়ার্ল্ড’ কনসার্ট চলাকালীন আতিফ উপস্থিত হাজারো ভক্তকে চমকে দিয়ে জানান, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন এই অ্যালবাম। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মেরি কাহানি’ অ্যালবামের পর এটিই হবে আতিফ আসলামের প্রথম পূর্ণাঙ্গ একক স্টুডিও অ্যালবাম। 

    কনসার্টে নিজের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘জাল পরি’ পরিবেশনের সময় আতিফ তার সংগীত ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন। লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে লাহোর থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্প ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তিনি বলেন, ‘কে জানত লাহোরের একটা সাধারণ ছেলে একদিন ওটু এরেনায় পারফর্ম করবে?’ 

    আতিফ অত্যন্ত আবেগঘন কণ্ঠে তার শুরুর দিনগুলোর বন্ধুদের ধন্যবাদ জানান—যারা সে সময় তাকে খাবার, যাতায়াত এবং প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই কথা শোনার পর পুরো ওটু এরেনা দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। আতিফও পুরো পারফরম্যান্সটি তার সেই পুরোনো বন্ধুদের উৎসর্গ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অ্যালবাম নিয়ে যা জানা গেল 

    এখন পর্যন্ত আতিফ তার নতুন অ্যালবামের নাম বা গানের তালিকা প্রকাশ করেননি। তবে অ্যালবাম মুক্তির নির্দিষ্ট সময় নিশ্চিত করার পাশাপাশি তিনি এই প্রজেক্টটি তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সংগীত জীবনে দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।’ 

    ঘোষণাটি আসার পরপরই বিশ্বজুড়ে আতিফ-ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই দীর্ঘ প্রতীক্ষিত অ্যালবাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।

    সংগীত বিশ্লেষকদের মতে, আগামী আগস্টে মুক্তি পেতে যাওয়া এই অ্যালবামটি আতিফ আসলামের ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক যোগ করবে। এটি একই সঙ্গে তার ক্যারিয়ারের শুরুর দিককার পপ ঘরানার সাফল্য এবং বর্তমান সময়ের একজন গ্লোবাল লাইভ পারফর্মার হিসেবে তার ম্যাচিউরিটিকে এক সুতোয় বাঁধবে। আপাতত অ্যালবামের নাম, ট্র্যাকলিস্ট এবং সহ-শিল্পীদের নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রোতারা। 

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় গোপনে কনসার্ট করলেন আতিফ আসলাম

    ১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজিত বিশাল এক কনসার্টে গাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই আয়োজন বাতিল ঘোষণা করা হয়। আতিফ আসলাম নিজেও সেই কনসার্টটি বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছিলেন।

    সবাই যখন ধরে নিয়েছেন, আতিফ আসলাম নিরাশ হয়ে ঢাকায় আর আসছেন না, ঠিক তখনই সামাজিক মাধ্যমে তার পারফরম্যান্সের একের পর এক ভিডিও ক্লিপ ও ছবি ভাইরাল হতে শুরু করে। 

    একটি সূত্র জানায়, পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি গায়ক আতিফ আসলাম। ঢাকায় এসেছেন তিনি, পর্দার আড়ালে সেরে নিচ্ছেন একের পর এক ‘প্রাইভেট’ কিংবা ব্যক্তিগত শো।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে ছড়িয়েপড়া পস্ট-ক্লিপগুলো থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার আভিজাত গুলশান ক্লাবে একটি বিশেষ ইনডোর শোতে পারফর্ম করেন সংগীতশিল্পী আতিফ আসলাম।

    ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের সেই আয়োজনের কোনো পাবলিক ঘোষণা না থাকলেও অনুষ্ঠান শেষে নেটিজেনদের কল্যাণে ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তাকে তার জনপ্রিয় গানগুলো গাইতে দেখা যায়।

    এরপর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ক্যাম্পাসে পারফর্ম করার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ কনসার্টের নাম দেওয়া হয়েছে— ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কনসার্টে আতিফের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী মিনার রহমান ও প্রীতম হাসানও অংশ নিয়েছিলেন। 

    তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যালামনাই ছাড়া বাইরের কেউ সেখানে প্রবেশের সুযোগ পাননি। এমনকি নিরাপত্তা ও ভিড় এড়াতে আতিফের অংশগ্রহণের বিষয়টি অনেকটা গোপনই রাখা হয়েছিল। কিন্তু কেন এই গোপনীয়তা?

    পাবলিক কনসার্ট বাতিল হলেও প্রাইভেট শো কেন চলছে? সাধারণ নেটিজেনদের মনে এমন প্রশ্ন উঁকি দিলেও সচেতন মহলের ব্যাখ্যা ছিল ভিন্ন। তারা মনে করছেন, সাধারণত বড় পাবলিক কনসার্টের ক্ষেত্রে বিশাল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সে জন্য পরিস্থিতি বিবেচনায় এ ধরনের বড় জনসমাগম এড়িয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তান সেনাবাহিনীর জন্য গাইলেন আতিফ আসলাম

    পাকিস্তান দিবস (২৩ মার্চ) উপলক্ষে দেশটির সামরিক গণমাধ্যম ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করেছে। ‘মেরে মাহবুব পাকিস্তান, মেরি জান পাকিস্তান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক আতিফ আসলাম।

    আইএসপিআর জানিয়েছে, গানটির উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য, দৃঢ়তা এবং অগ্রগতির প্রতি একটি অভিন্ন প্রতিশ্রুতিকে উদযাপন করা। খবর এক্সপ্রেস ট্রিবিউন। 

    গানের কথা লিখেছেন পাকিস্তানের খ্যাতনামা কবি ও গীতিকার ইমরান রাজা।  গানটির কথায় ফুটে উঠেছে ‘এক দিল, এক জান, এক পাকিস্তান’ (এক হৃদয়, এক প্রাণ, এক পাকিস্তান)- স্লোগানের শক্তিশালী বার্তা।

    আইএসপিআর জানায়, এই গান দেশপ্রেমের চেতনার প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের আদর্শকে তুলে ধরে। এটি শুধু সংগীতের মাধ্যমে একটি শ্রদ্ধা জানানো নয়; বরং দেশের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীকীকেও তুলে ধরে। 

    গানটি প্রকাশের পর পাকিস্তানের জনগণ বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।  গানটিতে আবেগঘন উপস্থাপনা ও শক্তিশালী কণ্ঠের জন্য আতিফ আসলামের প্রশংসা করেছেন তারা।

    পাকিস্তান দিবস প্রতিবছর ২৩ মার্চ পালিত হয়, যা ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে স্মরণ করে করা হয়।  শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত লাহোর প্রস্তাব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

    পাকিস্তান দিবস উপলক্ষে সংগীত প্রকাশ দেশটির জাতীয় উদযাপনের অংশ।  সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশব্যাপী সরকারি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব সংগীত প্রচার করা হয়।

    যুগান্তর ডেস্ক

  • লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনীতে মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

    পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। ঐতিহাসিক এই অনুষ্ঠানটি চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বার্মিংহামের বিখ্যাত এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    জানা গেছে, সংগীত জগতের এই সুপারস্টার ১৮ জুলাই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচের আগে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন।

    ডব্লিউসিএল বর্তমানে অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ হিসেবে ক্রিকেটপ্রেমীদের আকর্ষণ কেড়েছে।  ছয়টি দেশের সাবেক এবং অনানুষ্ঠানিকভাবে চুক্তিহীন চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে গঠিত দলগুলোর মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই ছয়টি দেশ হলো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।

    এর আগে ডব্লিউসিএল-এর প্রথম আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও ভারত চ্যাম্পিয়ন্স ফাইনালে পৌঁছেছিল। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

    আবেগময় ও সুরেলা কণ্ঠের অধিকারী আতিফ আসলামের ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা নতুন কিছু নয়। সম্প্রতি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর থিম সং ‘জিতো বাজি খেল কে’ গেয়েছেন এবং এতে অংশও নিয়েছেন।

    এছাড়াও তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর বিভিন্ন আসরের থিম সং গেয়েছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছেন।

    ৪২ বছরে পা রাখতে যাওয়া আতিফ আসলাম সংগীত জগতে প্রবেশের আগে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। স্কুল ও কলেজ জীবনে তিনি একজন ফাস্ট বোলার ছিলেন। তবে সংগীতের প্রতি তার ভালোবাসা এবং প্রতিভা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী করে তুলেছে।

    তবে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আজও অটুট। বার্মিংহাম ও ইংল্যান্ডের ভক্তরা এবার তার গানের সঙ্গে ক্রিকেট উপভোগ করার দুর্দান্ত সুযোগ পাবেন।

    ডব্লিউসিএল-এর দ্বিতীয় আসর ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১৭টি ম্যাচ খেলা হবে। ভেন্যুগুলো হলো এজবাস্টন (বার্মিংহাম), হেডিংলি (লিডস), গ্রেস রোড (লেস্টার), নর্দাম্পটনশায়ার সিসিসি গ্রাউন্ড।  ২ আগস্ট এজবাস্টনেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

    এছাড়া গত আসরের ফাইনালিস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও ভারত চ্যাম্পিয়ন্স ২০ জুলাই আবারও এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে।

    যুগান্তর ডেস্ক

  • বিচ্ছেদবেদনা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ আতিফ আসলামের

    বসন্ত ভালোবাসার সময় হিসেবেই পরিচিত। এ সময় আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতির মালা গাঁথেন প্রেমিক-প্রেমিকারা। এমন ভরা প্রেমের মৌসুমে যদি হঠাৎ বিচ্ছেদ আসে- তাহলে যে কারো জন্যই কাটিয়ে ওঠা কঠিন। 

    কঠিন হলেও সত্য যে, এই বসন্তেও মন ভেঙেছে বহু প্রেমিক-প্রেমিকার। তাই বলে তো আর জীবন শেষ হয়ে যায়নি। 

    এমন প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে বার্তা নিয়ে আসলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ভালোবাসা ভুলে ভালো থাকার দুর্দান্ত পরামর্শ দিলেন এই গায়ক।

    ভালোবাসায় মন ভাঙলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কারো কারো খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। মুহূর্তেই পুরো পৃথিবী কেমন যেন ওলট-পালট ও অস্পষ্ট হয়ে যায়। 

    এমনটা হলে আতিফের পরামর্শ, নিজেকে আরও উন্নত করার দিকে নজর দিতে হবে। আগামী দিনে কীভাবে আরও সফল ও ভালো মানুষ হওয়া যায় সেদিকেই মনোযোগ দিতে হবে। 

    আতিফের কথায়, জীবনে আরও অনেক বড়বড় কাজ করার আছে। জীবনের উদ্দেশ্য শুধুই ব্রেকআপ, মেকআপ তো নয়। আমার মনে হয়, এর চেয়ে নিজের ক্যারিয়ারের দিকে নজর দেওয়া ভালো। সাফল্য অর্জন করতে হবে। আর এত টাকা আয় করতে হবে যে, একটা সম্পর্ক নিজে থেকে তোমার কাছে এসে জিজ্ঞেস করবে, ‘বলো কী চাও’!

    এরপরই গায়ক মজা করে বলেন, জীবনে সবচেয়ে ভালো কাজ করেছ যে ব্রেকআপটা করে ফেলেছ। যদি নিজে থেকে করে থাকো, তাহলে আরও ভালো।

    আতিফের এই ভিডিও আপাতত নেটদুনিয়ার চর্চায়। অনেকেই লিখেছেন, দারুণ উপদেশ দিয়েছেন আতিফ। সহমত পোষণ করে অনেকে লিখেছেন, জীবনে ক্যারিয়ারকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। 

    বিনোদন ডেস্ক