
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। এ তারকা জুটির মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছিল বিবাহবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তারা বিয়ে করেছিলেন। বিশেষ দিনে তাদের একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ২৭ বছরের বিবাহিত জীবন নিয়ে কাজল মজার ক্যাপশন লিখেছেন—‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’
২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন কাজল। কথার সেই ‘মেডেল আর ট্রফি’—হয়তো প্রতীকী; কিন্তু ভক্তদের চোখে এ জুটির অর্জন তার চেয়েও অনেক বড়।
১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার সেটে প্রথম দেখা হওয়ার পর, তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে নাইসা ও যুগ নামে দুই সন্তান এসেছে। ২৭ বছরের দাম্পত্যে মতভেদ, ব্যস্ততা, সাফল্য ও চ্যালেঞ্জ—সবই ছিল। তবু তাদের রসিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বই যেন সম্পর্কটিকে টিকিয়ে রেখেছে সময়ের পরিক্রমায়।
১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা অজয় দেবগন ও কাজলের। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, প্রেম এবং শেষে পরিণয়। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঘর বাঁধেন তারা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এ তারকা দম্পতি।
ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। এ সিনেমায় আরও রয়েছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরিসহ আরও অনেকে।
অন্যদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘সারজমিন’ সিনেমায়। এর আগে ‘মা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, সবুজাভ পটভূমির সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন দুজন। অজয় দেবগন গাঢ় কালো স্যুট, সাদা শার্ট ও চশমায় চিরচেনা সংযত লুকে; আর কাজল গাঢ় মেরুন শাড়িতে, গলায় চোকার হার ও পরিপাটি পনিটেইল চুলে অনায়াসে উজ্জ্বল। একে অন্যের দিকে তাকিয়ে তাদের উষ্ণ হাসি যেন ২৭ বছরের বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।
বিনোদন ডেস্ক





