Home / Entertainment / ‘হেনা’ তো আমার কাছেই: নায়ক নাঈম

‘হেনা’ তো আমার কাছেই: নায়ক নাঈম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি ডায়লগ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ডায়লগটিতে নায়ক বাপ্পারাজকে বলতে শোনা যায়, ‘চাচা বাড়িঘর এতো সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’ 

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান।

তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

সিনেমাটি মুক্তির দীর্ঘ ৩২ বছর পর এই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পাওয়ায় বেশ উপভোগ করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। যিনি বর্তমানে ‘হেনা’ মানে অভিনেত্রী শাবনাজের স্বামী। 

সেই সংলাপের পর কেউ কেউ ফেসবুকে শাবনাজের জীবনসঙ্গী নাঈমসহ এমন একটি ফটোকার্ডও শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, ‘বিশ্বাস করুন, হেনা আমার কাছে।’ আর সেই ফটোকার্ড নজরে এসেছে নাঈমের। 

এবার ভাইরাল সংলাপের জোয়ারে নতুন মাত্রা যোগ করলেন এ অভিনেতা। তিনি বলেন, আসলেই তো। হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে, তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে।

এরপর নাঈম বললেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে, কিছুই জানি না। তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে। সংলাপ থেকে সংলাপ, গান—সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ। সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। শাবনাজের আসল নাম সাবরীনা তানিয়া। ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। 

অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *