Home / Entertainment / হৃদয় খানের আলিঙ্গন পিয়ানো ভার্সনে

হৃদয় খানের আলিঙ্গন পিয়ানো ভার্সনে

কিছুদিন আগেই ‘আলিঙ্গন’ শিরোনামের একটি গানের পিয়ানো ভার্সন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। দীর্ঘদিন ধরেই তিনি সংগীত নিয়ে নিরীক্ষা চালিয়ে আসছেন। যার সুবাদে বেশ কিছু জনপ্রিয় গানের একাধিক ভার্সন শ্রোতাদের উপহার দিয়েছেন।

গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে দ্বৈত কণ্ঠে শিল্পী ন্যান্সির সঙ্গে ‘আলিঙ্গন’ শিরোনামের এ গানটি প্রকাশ করেছিলেন হৃদয় খান। এবার নিজস্ব ইউটিউব চ্যানেলে এর পিয়ানো ভার্সন প্রকাশ করেও বেশ সাড়া পেয়েছেন বলে জানান এ শিল্পী। তবে নতুন ভার্সনে শুধু ন্যান্সির কণ্ঠ রাখা হয়েছে।

হৃদয় গেয়েছেন শুধু গানের হামিংয়ের অংশটুকু। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি ভিডিও নির্মাণ এবং সম্পাদনার কাজ করেছেন হৃদয় খান নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখনই কোনো গান তৈরি করি, তখন নানাভাবে সংগীতের নিরীক্ষা চালিয়ে যাই। এটা করতে গিয়েই একটি গানের কয়েকটি ভার্সন তৈরি হয়ে যায়। তখন দ্বিধায় পড়ি, প্রকাশের জন্য কোন ভার্সনটি বেছে নেব। আবার কিছু গানের ক্ষেত্রে এমন হয়, প্রকাশের পর সংগীতায়োজনে আরও নতুন কিছু যোগ করা যায় কিনা, তা নিয়ে নানা পরিকল্পনা মাথায় আসে। এ গানটির ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিয়ানো ভার্সন প্রকাশের পর শ্রোতাদের ভালো সাড়া পেয়েছি। এর আগেও মূল গানটি যখন প্রকাশ হয় তখনও শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। সেই ভাবনা থেকে এবার এর আরও একটি ভার্সন করা। এছাড়া ন্যান্সির অনিন্দ্য কণ্ঠ আর অনবদ্য গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই, শ্রোতামাত্রই তা জানেন।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *