
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং হাতে স্যালাইনের নল, চোখেমুখে স্পষ্ট ক্লান্তি ছাপ, তবু হাসিমুখ।— এমন অবস্থায় হাসপাতালের বিছানা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি, সঙ্গে একটি বার্তা। সেই থেকে নেটদুনিয়া তোলপাড়। সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকেই জানতে চান— কি হয়েছে চিত্রাঙ্গদার? এমন কি হয়েছে যে কারণে তিনি হাসপাতালে শয্যাশায়ী?
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— আশা করছি খুব তাড়াতাড়ি খরগোশের মতো দৌড়াব। তার এ কথার মধ্যেই ছিল ইতিবাচক মনোভাবের ইঙ্গিত। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি চিত্রাঙ্গাদা। তবে অনেকের ধারণা, অভিনেত্রী হয়তো শুটিংয়ের ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তির কারণেই অসুস্থ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে সর্বশেষ ‘হাউসফুল ফাইভ’-এ দেখা যায়। এ ছাড়া ভাইজান সালমান খানের সঙ্গে নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি। জানা গেছে, সিনেমার বেশ কিছু অংশের শুটিং হয়েছে লাদাখের দুর্গম পার্বত্য এলাকায়, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও অল্প অক্সিজেনের পরিবেশে কাজ করতে হয়েছে তাদের। ইউনিটের একটি সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেন চিত্রাঙ্গদা, যেখানে তাকে নিজেই কিছু বিপজ্জনক দৃশ্য সম্পন্ন করতে হয়েছে।
বিনোদন ডেস্ক





