
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে সিনেমা হচ্ছে। এ নিয়ে আলোচনার মধ্যেই তার বাড়িতে আসছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। কেন হঠাৎ সৌরভের বাড়িতে সারার আগমন তা নিয়ে চলছে কানাঘুষা।
খুব শিগগিরিই সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তাতে দাদার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। আর ডোনা কে হবেন, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
তবে বিশ্বস্ত সূত্র বলছে, সারার আগমন ঘটছে অন্য এক কারণে। সঙ্গে আসছেন আদিত্য রায় কাপুর। কলকাতায় সিএবি পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন দুই তারকা। প্রোমোশন করবেন মেট্রো ইন দিনোর। বিকাল ৬টার সময় মাঠে আসার কথা তাদের।
মনসুর আলি খান পতৌদির নাতনির ক্রিকেটের প্রতি টান তো থাকবেই। জানা গেছে, ইডেনে বসে খেলা দেখতে বিশাল উৎসাহে সাইফকন্যার। আর তারপর ম্যাচশেষেই দুজনের গন্তব্য সৌরভ গাঙ্গুলীর বেহালার বাড়ি।
সারা ও আদিত্যকে ডিনারের আমন্ত্রণ জানানো হয়েছে গাঙ্গুলী পরিবারের পক্ষ থেকে। এর আগে আমির খানের মতো তারকারা গেছেন বেহালায়। এবার সারা-আদিত্যের পালা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনিধি চৌহান।
এদিকে ২০২১ সালেই ঘোষণা করা হয়েছিল সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের কথা। তবে এরপর থেকে মহারাজের ভূমিকায় কখনো রণবীর কাপুর, আবার কখনো আয়ুষ্মান খুরানার মতো তারকার নাম এসেছে সামনে। অবশেষে চলতি মাসে রাজকুমার রাও সৌরভের বায়োপিকে থাকার খবরে দিয়েছেন সিলমোহর।
দাদা এক সাক্ষাৎকারে নিজের বায়োপিক সম্পর্কে জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক চলছে। আগামী বছর জানুয়ারি থেকে শুটিং শুরু, আর ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি পাবে। প্রি-প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই আসলে সময়টা বেশি লাগে। কিন্তু শুটিংয়ে খুব একটা সময় লাগবে না। তিন মাসের শিডিউল। তারপর পোস্ট-প্রোডাকশনে আবার সময় যাবে।
বিনোদন ডেস্ক





