Home / Entertainment / সিনেমা ছাড়াই যেভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন মিম

সিনেমা ছাড়াই যেভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন মিম

ক্যারিয়ারের শুরুটা ছিল সিনেমা দিয়ে। এরপর নাটকে কাটে দীর্ঘ সময়। কিন্তু সেখানে স্থায়ী আসন গড়েননি। ফিরে এসেছেন সিনেমায়। বর্তমানে নামের আগে চিত্রনায়িক বিশেষণেই সন্তুষ্ট বিদ্যা সিনহা মিম। গত কয়েক বছর সিনেমায়ই নিয়মিত অভিনয় করছেন। 

সর্বশেষ তাকে দেখা গেছে ‘মানুষ’ নামে একটি সিনেমায়, ২০২৩ সালে। সিনেমাটি কলকাতার। নায়ক জিতের প্রোডাকশন। কিন্তু পরিচালনা করেছেন বাংলাদেশের নাট্যনির্মাতা সঞ্জয় সমাদ্দার। 

এরপর সিনেমায় দীর্ঘ বিরতি। অবশ্য ইন্ডাস্ট্রিতে সিনেমাও সেভাবে নির্মিত হচ্ছে না। তাই মিমকে ব্যস্ত থাকতে হচ্ছে ভিন্ন কিছু নিয়ে। সামনে ঈদ। এ উৎসবকে সামনে রেখে মিমও বেশ কিছু কাজ হাতে নিয়েছেন।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞাপন ও ফটোশুট। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন তিনি। তাই সেসব প্রতিষ্ঠানের ঈদ প্রমোশনের জন্য শুটিং করছেন এ অভিনেত্রী। 

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিম বলেন, ‘সিনেমার শুটিং না করলেও, প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি, তাই ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই এখন সারা দিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব।’ 

সিনেমা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া বর্তমানে সিনেমা নির্মাণ অনেক কমে গেছে। সে প্রভাব পড়েছে ঢালিউডে। ঈদের পর আমার কাজ রয়েছে। বিস্তারিত পরে জানাব।’

এদিকে মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *