Home / Entertainment / সাফল্যের খোঁজে জ্যোতিষীর শরণাপন্ন বলিউড তারকারা

সাফল্যের খোঁজে জ্যোতিষীর শরণাপন্ন বলিউড তারকারা

বিনোদন জগতের আলোর নেপথ্যে থাকে নানা ধরনের ঘটনা। বাইরে থেকে তারকাদের জীবন আলোকিত মনে হলেও, আসলে তাদের জীবনেও মাঝেমধ্যে নেমে আসে অন্ধকার। তখন তারাও জ্যোতিষের সাহায্য নেন। জীবনের কঠিন সময় থেকে মুক্তি পেতে কখনো তারা নানা রকমের রত্ন ধারণ করেন, কখনো আবার পূজাপাঠের মাধ্যমে বিপদের প্রতিকার করতে চান। 

দেখে নেওয়া যাক— এই বিপদের সময়ে বলিউডের কোন কোন তারকা জ্যোতিষ নিয়ে কী ধারণা পোষণ করেন।

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বরাবরই জ্যোতিষে বিশ্বাসী। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষবিদের সঙ্গে আলোচনা করেন তিনি। যেমন কোন দিনে সিনেমা মুক্তি পেলে তা ভালো চলবে ইত্যাদি পরামর্শ নিয়ে থাকেন ভাইজান। সালমানের পরিবারের সদস্যরাও জ্যোতিষে বিশ্বাসী।

এদিকে জ্যোতিষ নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও। প্রায়ই জ্যোতিষীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন। বিগ বিও সিনেমা মুক্তির আগে জ্যোতিষীর নির্দেশ মানেন। বর্ষীয়ান এ তারকা বিশ্বাস করেন, ব্রহ্মাণ্ডের গ্রহ-নক্ষত্রের নানা প্রভাব থাকে মানুষের জীবনের ওপর।

অন্যদিকে জ্যোতিষের সঙ্গে নাকি নানা রকমের কুসংস্কারেও বিশ্বাস করেন একতা কাপুর। জীবনসংক্রান্ত নানা ধরনের পরামর্শ নিয়ে থাকেন জ্যোতিষবিদদের থেকে। তাদের নির্দেশ ছাড়া নিজের কোনো কাজ শুরু করেন না একতা। একটা সময় ঠিক এ কারণেই একতার সব ধারাবাহিকের নামের প্রথম অক্ষর থাকত ‘ক’। একতা বিশ্বাস করতেন, এই অক্ষর তার জন্য শুভ।

আবার সাহসী ব্যক্তিত্ব ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউত জ্যোতিষে বিশ্বাস করেন। তিনিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। এমনকি নিজের সাফল্যের অর্ধেক কৃতিত্ব জ্যোতিষীদের দিয়ে থাকেন অভিনেত্রী।

আর শরীরচর্চা নিয়ে খুবই সচেতন শিল্পা শেঠি জ্যোতিষেও আগ্রহ রাখেন। জীবনে সমতা বজায় রাখার নেপথ্যে জ্যোতিষীদের পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন অভিনেত্রী। জ্যোতিষীর পরামর্শেই জীবনে শান্তি ও সমতা খুঁজে পেয়েছেন বলে মনে করেন শিল্পা।

এ ছাড়া রণবীর কাপুরেরও জ্যোতিষ নিয়ে আগ্রহ রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নেন তিনি। যদিও জ্যোতিষ নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না অভিনেতা। কিন্তু মনে মনে তিনি নাকি জ্যোতিষে বিশ্বাসী। আর নিজের বিষয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না রণবীর। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিশদে পড়াশোনা করতে ভালোবাসেন এ অভিনেতা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *