
এ মুহূর্তে ‘সাইয়ারা’ সুপারহিট হিসাবে ব্যবসা করে আসছে। মোহিত সুরি পরিচালিত এ রোমান্টিক সিনেমাটি এখন ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে।
সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো এ সিনেমার সাফল্যে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন নায়িকা অনিত পাড্ডা ও নায়ক আহান পান্ডে। সেই সঙ্গে অনিত পাড্ডার বাবার চরিত্রে রাজেশ কুমারও দেউলিয়া থেকে রক্ষা পেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন রাজেশ কুমার।
অভিনেতা রাজেশ কুমার, যাকে বেশিরভাগ মানুষ চেনেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেস চরিত্রে অভিনয় করার জন্য। তবে গত বেশ কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তিনি। দারিদ্র্যে কেটেছিল দিন। অবশেষে সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’ পাল্টে দিল তার জীবন।
রাজেশ কুমার বলেন, আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দুই কোটি টাকা ঋণে ডুবে গিয়েছিলাম। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ—আমি সেই অবস্থার মধ্যেই ছিলাম।
অভিনেতা বলেন, তখন মিডিয়াতে আমাকে নিয়ে লেখালেখি হয়েছিল। বলা হয়েছিল— আমি অভিনয় ছেড়ে দিয়ে চাষবাস করছি। তিনি বলেন, ব্যাপারটা সত্যি হলো— আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার পরিবার ও বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।
উল্লেখ্য, ‘সাইয়ারা’ সিনেমার পাশাপাশি রাজেশ কুমারকে এর আগেও দেখা গেছে ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’-র মতো একাধিক সিনেমায়।
বিনোদন ডেস্ক
Leave a Reply