
বলিউড অভিনেত্রী সোহা আলি খান সম্পর্কে সাইফ আলি খানের বোন। সম্প্রতি অভিনেত্রীর ‘ছোড়ি ২’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় দর্শকদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। ২০২১ সালের ‘ছোড়ি ’ সিনেমার সিক্যুয়েল এটি। এতে মূল চরিত্রে ছিলেন নুশরাত ভারুচা।
সিক্যুয়েলে সোহা আলি খান একেবারে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। তিনি অভিনয় করেছেন ভিলেন দাসি মা’র চরিত্রে, যা দর্শকের কাছে একেবারেই অপ্রত্যাশিত। বর্তমানে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাতকারে ভাই সাইফ আলি খানের ওপর হওয়া নৃশংস হামলার প্রসঙ্গ উঠে আসলে তিনি এ বিষয়ে কথা বলেন।
এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাতকারে সোহা বলেন, ‘আক্রমণটি খুবই দুর্ভাগ্যজনক ছিল। আরও দুর্ভাগ্যজনক বিষয় ছিল, এটি হিংসাত্মক হয়ে উঠেছিল। তবে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই ব্যাপারটিতে যে, সেটি যতটা ভয়ংকর হতে পারত, তেমন কিছু হয়নি। তার শরীরে স্থায়ী কোনো ক্ষতি হয়নি এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সেজন্য আমরা কৃতজ্ঞ। কারণ মাত্র ১ মিলিমিটার এদিক-সেদিক হলেই সবকিছু অনেক খারাপ হতে পারত। এখন সেই কৃতজ্ঞতার অনুভূতিই সবচেয়ে বড়।’
এর আগেও চলতি বছরের মার্চ মাসে এনডিটিভির যুবা ইভেন্টে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান এই ঘটনার প্রভাব নিয়ে কথা বলেন।
সারা বলেন, ‘এটি আমাদের বুঝিয়ে দেয় জীবনে আসলে কী গুরুত্বপূর্ণ। পুরো পরিবার তখন শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করছিল; কারণ ঘটনাটি আরও খারাপ হতে পারত। আমি খুবই কৃতজ্ঞ, সব কিছু এখন ঠিক আছে। এটি যেন আমাদের জীবনের গুরুত্ব মনে করিয়ে দিয়েছিল—এই জীবনটা কতটা মূল্যবান। এমন মুহূর্তগুলো আমাদের বারবার তা উপলব্ধি করিয়ে দেয়।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়। অভিনেতার শরীরে ছুরি দিয়ে তখন ৬টি আঘাত করা হয়। এর মধ্যে দুটি ছিল গভীর। সফল অস্ত্রোপচারের পর তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।
সাইফ আলি খান বর্তমানে তার পরবর্তী সিনেমা জুয়েল থিফ–এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসছে ২৫ এপ্রিল নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত ও কুনাল কাপুর।
বিনোদন ডেস্ক





