Home / Entertainment / শেফালি জরিওয়ালার মৃত্যুতে ধোঁয়াশা! তদন্তে মুম্বাই পুলিশ

শেফালি জরিওয়ালার মৃত্যুতে ধোঁয়াশা! তদন্তে মুম্বাই পুলিশ

‘কাঁটা লাগা’ খ্যাত ভারতীয় মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার তৈরি হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যান তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তার ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল শেফালির। 

তবে পুলিশ বলছে, প্রাথমিক রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু বলে দাবি করা হলেও এখনও স্পষ্ট নয় অভিনেত্রীর মৃত্যুর কারণ। অন্যদিকে, অভিনেত্রীর বাসায়ও পৌঁছেছে ফরেনসিক টিম।

অভিনেত্রীর মৃত্যুতে ধোঁয়াশা কোথায়?

পুলিশের একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শেফালি জরিওয়ালাকে তার আন্ধেরির ফ্ল্যাটেই মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত একটা নাগাদ শেফালির মৃত্যুর তথ্য হাসপাতাল মারফত আসে পুলিশের কাছে। বেশ কিছু বিষয়ে সন্দেহ থাকায় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে অভিনেত্রীর লাশ। 

শেফালি জরিওয়ালা এমন অকস্মাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। এছাড়া স্ত্রীর এমন পরিণতিতে একেবারে ভেঙে পড়েছেন তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। তিনিই শেফালিকে অচেতন অবস্থায় দেখতে পান বলে সূত্রের দাবি। 

অনুরাগী থেকে সহকর্মীরা সকলেই হতবাক এবং শোকার্ত এই খবরে। বিগ বস ১৩-এ তার সঙ্গেই অংশ নিয়েছিলেন রাশমি দেশাই। শেফালির মৃত্যুর খবরে তিনি বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এখনও খবরটা বিশ্বাসই হচ্ছে না। বড় তাড়াতাড়ি চলে গেল।’ রাশমির মতোই খবরটা বিশ্বাস করতে পারছেন না শেফালির অনুরাগীরাও।

মাত্র ৪২-এই থামল সফর। মাত্র ১৯ বছর বয়সে একটি মিউজিক ভিডিওর কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক শেফালি জরিওয়ালার। ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওতে তার নাচ ও ড্রেস সকলের নজর কেড়ে নেয়। রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে যান শেফালি। এরপর ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’-সহ একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্র, ক্যামিও ছাড়াও একাধিক রিয়্যালিটি শোয়ে কাজ করেছেন শেফালি। কিন্তু আজও অনুরাগীদের মধ্যে তিনি কাঁটা গার্ল বলেই খ্যাত। অভিনেত্রীর অকাল প্রয়াণে চাঞ্চল্য বিনোদন জগতে।

শেফালির প্রথম বিয়ে সুখের নয়। সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে ২০০৯ সালে বিচ্ছেদ হয় তার। পরে একাধিক সম্পর্কে জড়ালেও ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দশ বছরের মাথায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলেন পরাগ-শেফালি। সোশ্যাল মিডিয়া দত্তক কন্যার কথা জানিয়েছিলেন দম্পতি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *