Home / Entertainment / ‘শাহরুখ আর মানুষ নেই, উনি বিরাট তারকা’

‘শাহরুখ আর মানুষ নেই, উনি বিরাট তারকা’

আবারও বলিউড বাদশাহ শাহরুখ খানকে একহাত নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিত ভট্টাচার্য। একসময়ে শাহরুখ খানের সিনেমায় তার কণ্ঠে একটি হলেও গান থাকত। পরে তার সিনেমাতে গান গাওয়া বন্ধ করে দেন এ সংগীতশিল্পী। কেন কাজ বন্ধ করেছিলেন, তা নিয়েও অনেক কথা বলেছেন গায়ক।

এক সাক্ষাৎকারে পরোক্ষভাবে শাহরুখের সিনেমা ‘চলতে চলতে’র ব্যর্থতা নিয়েও কথা বলেন অভিজিৎ ভট্টাচার্য। সেই সিনেমার গানগুলো তারই গাওয়া। অভিজিৎ জানিয়েছিলেন, সিনেমার গানগুলোই কেবল ভালো। সিনেমাটি মোটেও ভালো নয়। অভিজিৎ বলেন, শাহরুখ ও আমি ছিলাম যমজ ভাইয়ের মতো। কণ্ঠের দিক থেকে তেমনই ছিলাম আমরা। 

এরপরেই খোঁচা দিয়ে গায়ক বলেন, এখন আমি বুঝি, এই গানগুলো আসলে আমার নয়। ওগুলো শাহরুখ নিজেই গেয়েছেন, নিজেই লিখেছেন। সিনেমাটাও শাহরুখ তৈরি করেছেন। চিত্রগ্রাহকও শাহরুখ। সবই শাহরুখ। আমি আর কী করতে পারি।

আক্ষেপের সুরে অভিজিৎ বলেন, আসলে লোকে বলে—শাহরুখের গান। বুঝেছি, সত্যিই এ তো আমার গান নয়। ওই সব করে। আমি কেউ নই। ‘চলতে চলতে’ সিনেমাটি অত্যন্ত মাঝারি মাপের বলেও জানিয়েছিলেন তিনি।

শাহরুখ সম্পর্কে আরেক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন—এমন নয় যে, শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু শাহরুখ এখন আর মানুষ নেই। উনি এখন বিরাট মাপের তারকা। নিজেও হয়তো জানেন না— কোথায় পৌঁছে গেছেন। 

তিনি বলেন, তাই ওর থেকে আমি আর কী-ই বা আশা করব? আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গেছি। আমি নিজের মতো করে এগিয়েছি। আমি শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড়। ও প্রায় ৬০ পেরিয়েছেন। আমিও ষাটোর্ধ্ব। তাই কারও ক্ষমা চাওয়ারই প্রশ্ন উঠছে না। দুজনেরই আত্মসম্মানবোধ রয়েছে বলে জানান অভিজিৎ ভট্টাচার্য।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *