Home / Entertainment / শাকিব খানকে নিয়ে অভিনব তথ্য দিলেন নাবিলা

শাকিব খানকে নিয়ে অভিনব তথ্য দিলেন নাবিলা

এবারের ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফীর বিগ বাজেটের সিনেমা ‘তুফান’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। এ সিনেমায় ‘ঢালিউড কিং’ খ্যাত শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার ‘তুফান’-এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ; কিন্তু তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী কিন্তু সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল।

তিনি বলেন, আমরা যখন শুট করছিলাম তখন আমাদের দেখে সেটের সবাই বলছিল রসায়নটা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে তিনি (শাকিব) অনেক হেল্পফুল, সাপোর্টিভ অভিনেতা। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যা দিয়েছেন, সুপারস্টার, মেগাস্টার খ্যাতি পাওয়া তার প্রাপ্তি। এর বাইরে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, তিনি অত্যন্ত ভালো অভিনেতা।

শাকিব খানকে নিয়ে নাবিলা বলেন, শাকিব খান এমন একজন অভিনেতা, গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও তিনি নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন।
প্রসঙ্গত, মূলত উপস্থাপক হিসেবেই নাবিলার পরিচিতি। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। ৮ বছরের দীর্ঘ বিরতি শেষে আত্মবিশ্বাস না হারিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী; শাকিব খানের সঙ্গে করলেন অভিনয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *