Home / Entertainment / শাকিবের বরবাদের পর এবার বলিউডে পা রাখলেন রিয়া

শাকিবের বরবাদের পর এবার বলিউডে পা রাখলেন রিয়া

টালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়, ছোটপর্দার পরিচিত মুখ হলেও নিজের অভিনয়ের দক্ষতায় কাজের পরিধি বাড়িয়েছেন। ২০২৪ সালটা অভিনেত্রীর জীবনে ঝড় বয়ে গেলেও একা হাতে দুই সন্তানকে সামলে সমানতালে কাজ করে গেছেন। কিছুদিন আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’-এ কাজ করেছেন রিয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন পথ চলার খবর দিলেন অভিনেত্রী। টালিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন রিয়া। ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে ধীরাজ কুমার পরিচালিত হিন্দি সিনেমা ‘বিহান’। নারীশক্তিকে কেন্দ্র করে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া। এ যেন বাংলাদেশ থেকে সোজা বলিউডে লাফ দেওয়া।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল। বাংলাদেশে বাংলা ভাষাতেই সংলাপ। এখানে হিন্দি। অন্য একটা ভাষাকে নিখুঁতভাবে উচ্চারণ করা, তাবড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়— খুব সহজ কথা নয়। এখানে চ্যালেঞ্জ বেশি। পরিশ্রমও বেশি করতে হয়। 

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। ঢালিউড, বলিউডের পর আবারও তাকে দেখা যাবে বাংলা ছবিতেও! জিৎ চক্রবর্তীর আগামী সিনেমা ‘লটারি জিন্দাবাদ।’ খারাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ অনেকেই থাকছেন সেই সিনেমায়। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সব থাকবে। এই ছবির শুটিং হবে সিকিমে। ৮ মে থেকে ১৮ মে— ১০ দিন ধরে চলবে শুটিং।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *