
রোববারের সন্ধ্যা। গোটা শহরের চোখ তখন কলকাতা-মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল ম্যাচের দিকে। ঠিক তখনই খবর এলো টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর বেঁচে নেই। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় এ অভিনেতার। তার মৃত্যু সংবাদে টালিউড স্তব্ধ।
তার মৃত্যু নিয়ে শুটিং স্পটের অনেকেই বলছেন, শুটিং তখন শেষ হয়ে গিয়েছিল। ইউনিটের লোকজনের সামনেই নাকি সমুদ্রে তলিয়ে যান টালিপাড়ার জনপ্রিয় এ অভিনেতা। কিন্তু আসলে কী ঘটেছিল? এবার প্রসঙ্গে মুখ খুললেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল।
পরিচালক বলেন, একটা শট ছিল তালসারিতে। গোড়ালি ডোবাপানিতে দাঁড়িয়েছিল অভিনেত্রী শ্বেতা ও রাহুলদা। শ্বেতা-রাহুলদা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিল এবং লুকোচুরি খেলছিল। আমরা পেছন দিক থেকে ক্যামেরা শুট করছিলাম। সেটি করতে করতে রাহুলদা শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকেন। প্রায় হাঁটু পর্যন্ত পানি পৌঁছে ও একটু ডিসব্যালান্সড হয়ে যায়।
তিনি বলেন, আমরা চিৎকার করে দূরে যেতে নিষেধ করি। ততক্ষণে পানি রাহুলদার গলা পর্যন্ত উঠে এসেছে। হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সব ফেলে ইউনিটের ১০-১২ জন ওর দিকে এগিয়েও যাই। কিন্তু মুহূর্তের মধ্যে ও তলিয়ে যেতে থাকে। সম্ভবত অনেকটা পানিও খেয়ে ফেলেছিল।
শুভাশিস মণ্ডল বলেন, আশপাশে যে নৌকাগুলো থাকে, সেখান থেকে দড়ি ফেলে ইউনিটের সবাই তড়িঘড়ি ছুটে গিয়ে রাহুলকে তুলে আনি। তখনো অভিনেতার জ্ঞান ছিল।
তিনি বলেন, তারপর দ্রুত গাড়ি করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাহুল রাতারাতি জনপ্রিয়তা পান।
সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি ছিলেন ‘রাহুল-প্রিয়াংকা’র রাহুল। কৃষ্ণ ও পল্লবীর প্রেম দেখে একটা গোটা প্রজন্ম নতুন করে বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়েছিল।
সেই জুটির প্রেম বাস্তবে রূপ নেয়। ২০১০ সালে বিয়ে হয় রাহুল-প্রিয়াংকার। পুত্রসন্তানের জন্ম দেন এ দম্পতি, নাম সহজ। দাম্পত্যে দূরত্বও আসে একসময়। কিন্তু তখনো দর্শকদের কাছে রাহুল-প্রিয়াংকা জুটি অটুট। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে থাকে। সিনেমার রাহুল-প্রিয়াংকা জুটি দর্শকদের কাছে অমর হয়ে থাকবে। আর দর্শকদের চোখে কৃষ্ণ-পল্লবী জুটি আজও অমলিন।
বিনোদন ডেস্ক





