
সিনেমার জন্যই একসঙ্গে হওয়া, কিন্তু সম্পর্কের টান যেন বাস্তবের ছোঁয়া! কলকাতায় পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন দুই প্রজন্মের দুই তারকা—মৌসুমী চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান।
সিনেমায় ছেলে হিসেবে যশ দাশগুপ্ত আর বউমা নুসরাত—আর বাস্তবে তৈরি হয়েছে এক মধুর বন্ধন। নুসরাত অকপটে জানিয়েছেন, তার শাশুড়ি মৌসুমী ম্যাম একেবারে ‘কুল’! হাসতে হাসতে আরও বলেছেন, ‘আমি তাকে একশোতে একশো দেব।’
নুসরাতের এক অভ্যাস বিশেষভাবে ছুঁয়ে গেছে ‘ওগো বধূ সুন্দরী’র প্রিয় অভিনেত্রী মৌসুমীকে। শুটিংয়ের সময় কিংবা বাসায় ফিরে নুসরাত ফোন থেকে দূরে থাকেন—পরিবারকে সময় দেন। আজকের ব্যস্ততায় ভরা যুগে এই ছোট্ট অভ্যাসও বড় প্রশংসা পেয়েছে।
স্মৃতির ভেতর ডুব দিয়ে নুসরাত আরও বলেন, ‘শৈশব থেকেই মৌসুমী ম্যামকে চিনি। মা-বাবার মুখে শুনেছি, তাদের সিনেমা দেখেছি। কখনও ভাবিনি সামনে থেকে দেখা, একসঙ্গে কাজ করার সুযোগ হবে।’
কেউ কেউ ভাবতে পারেন, বয়সের ভারে হয়তো রুক্ষ বা গম্ভীর হয়ে উঠেছেন মৌসুমী। কিন্তু নুসরাতের অভিজ্ঞতা ভিন্ন। তিনি বললেন, ‘মৌসুমী ম্যাম একদম ছেলেমানুষ। মজা করেন, হাসেন, আবার ঠিক সময় শাসনও করেন। তার সান্নিধ্যে সময় কেটে যায় অনায়াসে।’
ক্যামেরার সামনে এলেই বদলে যান মৌসুমী—একঝলকেই বোঝা যায়, অভিনয়ের প্রতি ভালোবাসা এখনও অটুট। তাই পর্দার এই নতুন মা-বউমার গল্পের সঙ্গে বাস্তবের মিষ্টি বন্ধনও নেপথ্যে জমে উঠেছে।
বিনোদন ডেস্ক





