Home / Entertainment / ব্লাঙ্কোতেই থিতু সেলেনা

ব্লাঙ্কোতেই থিতু সেলেনা

সেলেনা গোমেজ, মার্কিন গায়িকা ও অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ কিংবা ব্যক্তি জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন। সম্প্রতি আলোচনায় এসেছেন নতুন বাগদানের খবরে। আমেরিকান গীতিকার ও অডিও প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া তার অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার একটি ইভেন্টে অংশ নেওয়ার সময় সহ-অভিনেত্রী জো সালাদানাকে উচ্ছ্বাসের সঙ্গে বাগদানের আংটিটি প্রদর্শন করেন সেলেনা। আর সে ছবিটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেলেনাভক্তদের মাধ্যমে। শুধু তাই নয়, ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত নতুন সিনেমার ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দিকেও তিনি হাত নেড়ে আংটিটি মেলে ধরেন ৩২ বছর বয়সি এ তারকা। এসময় লস অ্যাঞ্জেলেসের হার্ভে গোল্ড থিয়েটারে সাদা টপের ওপর লম্বা জ্যাকেট পরে একটি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন এ অভিনেত্রী-গায়িকা। উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে কান চলচ্চিত্র উৎসবে এবং ২১ আগস্ট ফ্রান্সে মুক্তি পায় ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি। ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরুচে জ্যাকিস অডিয়ার্ড পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে পুঁজি তুলতে এখনো হিমশিম খাচ্ছে।

বেনি ব্লাঙ্কো সেলেনার পাঁচ নম্বর বয়ফ্রেন্ড। এর আগে ২০০৮ সালে গায়ক নিক জোনাসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। দুবছর টিকেছিল ওই বন্ধুত্ব। এরপর ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত টানা আট বছর তিক্ত-মধুর সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে। এরপর যুক্ত হন রাশিয়ান-জার্মান ডিস্ক জকি জেড এবং তারও পর আরেক কানাডিয়ান গায়ক-গীতিকার দ্য ইউডেকেন্ডের সঙ্গে। ভালোবাসার বহু পথ মাড়িয়ে এবার থিতু হলেন বেনি ব্লাঙ্কোর সঙ্গে। দুজনের সম্পর্কের বয়স যখন দেড় বছর পেরোলো, তখনই বাগদান অনুষ্ঠানের মাধ্যমে দিলেন বিয়ের ঘোষণা।

অন্যদিকে বেনি ব্লাঙ্কোর প্রথম প্রেমই সেলেনা গোমেজ। এ অভিনেত্রী-গায়িকাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। গীতিকার এবং অডিও প্রযোজনা-দুই ক্ষেত্রেই প্রতিষ্ঠিত ৩৪ বছর বয়সি বেনি। ১১ ডিসেম্বর বাগদান অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে সেলেনা যখন বাগদানের আংটিসহ একটি ছবি পোস্ট করেছিলেন-তখন সেটির মন্তব্যের ঘরে বেনি লিখেছেন, ‘অপেক্ষা করুন, উনি আমার স্ত্রী’! ২০১৫ সালে সেলেনার চার্ট টপিং অ্যালবাম রিভাইভালসহ বেশ কয়েকটি অ্যালবামের হিট গানে তার সঙ্গে কাজ করেন বেনি ব্লাঙ্কো। তখনই সেলেনার ওপর চোখ পড়েছিল তার। অবশেষে ২০২৩ সালের জুন মাসে সে আশা পূর্ণ হলো বেনির। এসময় সেলেনা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেনও-‘সে (বেনি) আমার পরম পাওয়া। আমার সঙ্গে ঘটে যাওয়া সবকিছুর সেরা সে। বেনি খুবই সদয় এবং চিন্তশীল। আমি বিশ্বাস করি, তার সঙ্গে আমার এ সম্পর্ক চিরকালের।’

বেনি ব্লাঙ্কো একজন সংগীত প্রযোজক হিসাবে আরো কাজ করেছেন- রিহানা, কেটি পেরি, জাস্টিন বিবারের মতো শিল্পীদের সঙ্গে। সেই সুবাদে সফল প্রযোজক হিসাবে বিপুল পরিমাণ অর্থের মালিক হন ১১ বার গোল্ডেন গ্লোবের মনোনয়ন পাওয়া গীতিকার বেনি। ২০০৮ সালে যখন কেটি পেরির ‘আই কিসড আ গার্ল’ প্রযোজনা করেন, তখনই তার ভাগ্য খুলে যায়। সেলেব্রিটি এ প্রযোজকের নেট সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার। আর চলতি বছরের সেপ্টেম্বরে ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী সেলেনার সম্পত্তির পরিমাণ বেনির দ্বিগুণেরও বেশি। তারা জানিয়েছে, সেলেনা গোমেজের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *