Home / Entertainment / ব্যবসা শুরু করলেন মেহজাবীন

ব্যবসা শুরু করলেন মেহজাবীন

অভিনয়ের পাশাপাশি অনেক তারকাই নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগে নিজেদের যুক্ত করছেন। কারো রয়েছে রেস্তোরাঁ, কেউ বিউটি পার্লারের মালিক, আবার কেউ ফ্যাশন ব্র্যান্ড চালু করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের বাইরে তিনি এবার মন দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইন এ। ‘ফার্নি’ নামে একটি ইন্টেরিয়র ফার্ম শুরু করেছেন তিনি, যার পেছনে রয়েছে তার ব্যক্তিগত আগ্রহ ও সৃজনশীল অনুরাগ।

সম্প্রতি একটি পডকাস্টে এই উদ্যোগের কথা প্রকাশ করেন মেহজাবীন। তিনি বলেন, ‘একসময় কস্টিউম ডিজাইন নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম। মনে হয়েছিল, ওটা নিয়ে কাজ করব। পরে মনে হলো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর অনুভব করলাম, অভিনয়ের পর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো ইন্টেরিয়র ডিজাইন। নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি; যেটার নাম ‘ফার্নি’।’

এই নতুন উদ্যোগ নিয়ে বেশ উৎসাহী মেহজাবীন। তার ভাষায়, ‘ফার্নি আমাদের ব্রেন চাইল্ড। বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই। কতটুকু করতে পারব জানি না। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুব মজার কাজ বলে মনে হয়। প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। এখন পর্যন্ত গত দেড় বছরে আমরা ছয়টি প্রজেক্ট করেছি।’

তবে এত দিন বিষয়টি কেন জনসমক্ষে তেমনভাবে তুলে ধরা হয়নি, সে প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন তিনি। মেহজাবীন আরও বলেন, ‘এটি নিয়ে আমি ফেসবুকে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু সেভাবে কেউ খেয়াল করেনি। মনে করেছে, আমি হয়তো অন্য কারোর প্রমোট করছি। তবে এটাও সত্যি, সেভাবে এই প্রজেক্ট নিয়ে কোথাও বলা হয়নি।’

ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভের ইচ্ছাও রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, সিনেমা প্রযোজনাতেও আগ্রহী মেহজাবীন ইতোমধ্যে যুক্ত হয়েছেন দুটি সিনেমা—‘প্রিয় মালতি’ এবং ‘সাবা’-এর প্রযোজনার সঙ্গে।

অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও প্রযোজনার নতুন যাত্রা শুরু করে নিজের বহুমাত্রিক প্রতিভার সাক্ষর রাখছেন মেহজাবীন। দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন পর্দায়, এবার হয়তো ব্যবসার মঞ্চেও তিনি হয়ে উঠবেন সফল এক মুখ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *