Home / Entertainment / বিটিএস-এর কনসার্ট দেখতে নেটফ্লিক্সে ১৮.৪ মিলিয়ন দর্শক

বিটিএস-এর কনসার্ট দেখতে নেটফ্লিক্সে ১৮.৪ মিলিয়ন দর্শক

দীর্ঘ বিরতির পর আবারও পূর্ণ শক্তিতে ফিরল বিশ্বের অন্যতম জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। শনিবার (২১ মার্চ) সিউলের ঐতিহাসিক গোয়াংঘওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত তাদের এই ‘কামব্যাক’ কনসার্টটি নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় ১৮.৪ মিলিয়ন মানুষ সরাসরি উপভোগ করেছেন।

২০২২ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার আইন মেনে বিটিএসের সদস্যরা বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। এ কারণে তাদের গান থেকে বিরতিতে যেতে হয়।  সেই বিরতির পর এই প্রথম ব্যান্ডের সাত সদস্য— জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জংকুককে একসঙ্গে পারফর্ম করতে দেখা গেল।

এই কনসার্টটি ছিল মূলত বিটিএস-এর নতুন স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর প্রচারের অংশ, যা গত ২০ মার্চ মুক্তি পেয়েছে।

অ্যালবামটি প্রকাশের প্রথম দিনেই প্রায় ৪ মিলিয়ন (৩৯.৮ লাখ) কপি বিক্রি হয়ে নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন

অ্যালবামের লিড সিঙ্গেল ‘সুইম’ এবং ‘বডি টু বডি’ গান দুটি ইতোমধ্যে বিশ্বজুড়ে মিউজিক চার্টগুলোর শীর্ষে অবস্থান করছে।

এন্টারটেইনমেন্ট কোম্পানি ‘হাইব’-এর তথ্যমতে, বিটিএস-এর কনসার্টে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় ১ লাখ ৪ হাজার ভক্ত। তবে সিউল নগর কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল ২ লাখ ৬০ হাজার দর্শকের। ধারণা করা হচ্ছে, নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ড্রোন-বিরোধী ব্যবস্থার কারণে সরাসরি উপস্থিত দর্শকের সংখ্যা কিছুটা কম হয়েছে।

শেয়ার বাজারে ধস 

তবে বিটিএস-এর এই রাজকীয় প্রত্যাবর্তনের মধ্যেও সোমবার (২৩ মার্চ) ‘হাইব’-এর শেয়ার বাজারে ১৫.৫% পতন লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের মতে, কনসার্টে প্রত্যাশার চেয়ে কম দর্শক উপস্থিতি এবং বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এই পতনের অন্যতম কারণ। তবে ব্যান্ডটির আসন্ন ৮২টি কনসার্টের ওয়ার্ল্ড ট্যুর থেকে প্রায় ১ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করছে বিলবোর্ড।

নেটফ্লিক্সের নতুন মাইলফলক 

অবশ্য লাইভ ইভেন্ট ব্রডকাস্টিংয়ে মার্কিন প্রতিষ্ঠান নেটফ্লিক্সের জন্য এটি একটি বড় জয়। এর আগে মাইক টাইসন ও জেক পলের বক্সিং ম্যাচ যে পরিমাণ দর্শক টেনেছিল, বিটিএস-এর এই কনসার্ট সেই ধারাকেই আরও শক্তিশালী করল। বিশ্বের ১৯০টিরও বেশি দেশে সম্প্রচারিত এই কনসার্টটি ২৪টি দেশে নেটফ্লিক্স র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। 

সূত্র: বিবিসি 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *