Home / Entertainment / বাচসাসের দেওয়া সম্মান কখনও ভুলব না: আনোয়ারা

বাচসাসের দেওয়া সম্মান কখনও ভুলব না: আনোয়ারা

সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয়ে যাত্রা শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হলেও এ কিংবদন্তি অভিনেত্রী পরে সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

দোয়েল ওটিটির সহযোগিতায় গত সোমবার (১৪ জুলাই) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে। মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

সেখানে এ কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগত সাংবাদিকদের চোখও এ সময় আবেগে ভিজে যায়। পিনপতন নীরবতায় আয়োজনের পরিবেশ খানিকটা ভারি হয়ে ওঠে। শুরুতেই গুণী এ অভিনেত্রীকে বাচসাস থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রীর মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

আনোয়ারা বলেন, বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি।  এ বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, এ আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানের। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে, তা কখনো ভুলব না। এ সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।

সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খ্যাতিমান এ অভিনেত্রী। তিনি তার ছয় শতাধিক সিনেমার ক্যারিয়ারে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের অভিনয়ের সুবাদে চারবার বাচসাস পুরস্কার পাওয়ার কথা তুলে ধরেন। মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০) এবং লাল কাজল (১৯৮২) সিনেমার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। 

অনুষ্ঠানে বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, বাচসাস এই প্রথম ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছে। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এ আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। 

তিনি বলেন, এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকাশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হবে। তারা উপস্থিত হয়ে নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলবেন। এ আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ বলেও জানান সভাপতি।

অন্যদিকে বাচসাসের সম্পাদক রাহাত সাইফুল বলেন, বাচসাস কার্যালয়ে এই প্রথমবার ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা, সাংবাদিক সহকর্মী ও বাচসাস পরিবারের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে—আমরা সবার প্রতি কৃতজ্ঞ।  

তিনি বলেন, আনোয়ারা মা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এ আবেগই আমাদের আগামী পথচলার প্রেরণা হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাচসাসের সহসভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *