Home / Entertainment / প্রথমবার একসঙ্গে মোশাররফ করিম-ভিকি জাহেদ, আসছে ‘অন্ধকারের গান’

প্রথমবার একসঙ্গে মোশাররফ করিম-ভিকি জাহেদ, আসছে ‘অন্ধকারের গান’

টিভি এবং ওটিটিতে একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন থ্রিলার ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’-এর ট্রেলার। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি।

ভিকি জাহেদের কনটেন্টে ঘুরেফিরে কিছু চেনা মুখকেই বারবার দেখা যায়। তবে ‘অন্ধকারের গান’-এর কাস্টিংয়ে বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। এতে প্রথমবারের মতো এই নির্মাতার নির্দেশনায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। এছাড়াও জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমিরা ট্রেলারে রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা যায়, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে।

ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান।

ভিকি জাহেদ বলেন, ‘অন্ধকারের গানের গল্পটি খুবই ভিন্ন। আমি সাধারণত যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা। আমার গল্প সাধারণত শহরকেন্দ্রিক হয়। এই গল্পে শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। মূলত সম্পর্কের গল্প, সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেন্স। এটাকে ডার্ক লাভ স্টোরি বলা যায়। প্রথমবার মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। অনেক বছর ধরে তার কাজ দেখে মুগ্ধ হয়েছি। অপেক্ষায় ছিলাম কবে তার সঙ্গে কাজ হবে। অবশেষে অন্ধকারের গানে সেই অপেক্ষা শেষ হলো।’

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে অন্ধকারের গান। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে ওয়েব ফিল্মটি মুক্তি পেতে পারে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *