
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আমির খানের পুত্র জুনায়েদ খানের সিনেমা ‘লাভইয়াপ্পা’। বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। বরং সিনেমার সমালোচনাই হয়েছে। যদিও জুনায়েদের প্রথম সিনেমা ‘মহারাজ’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচক মহলে। অভিনেতার অভিনয় প্রশংসিতও হয়েছে। কিন্তু অভিনেত্রী খুশি কাপুরের বিপরীতে ‘লাভইয়াপ্পা’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
এদিকে আমির খানের ছেলের সিনেমা অসফল হয়েছে, তা নিয়ে কোনো হেলদোল নেই আমিরের। বরং তিনি মনে করছেন, ঠিকই হয়েছে সিনেমা অসফল হয়ে। আমিরের এমন মন্তব্যে অবাক তার অনুরাগীরা।
কিছু দিন আগেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। বর্তমানে মুম্বাই শহরে একত্রবাস করছেন তারা। নতুন প্রেমিকা জীবনে আসার পরেই কি পুত্রের অসাফল্যে মাথাব্যথা নেই আমিরের? এই প্রশ্নও উঠেছে। কিন্তু আসল ঘটনা অন্যখানে।
সংবাদমাধ্যমকে আমির বলেছেন, ভালো হয়েছে, সিনেমা সফল হয়নি। আমিরের মতে, ক্যারিয়ারের শুরুতে ব্যর্থতার অভিজ্ঞতা থাকা ভালো। এতে আরও ভালো কাজ করার ইচ্ছা তৈরি হয়। জুনায়েদকে তাই তিনি বলেছেন—ও যথেষ্ট ভালো কাজ করছে। তবে ব্যর্থতা থেকে ও অনেক কিছু শিখবে।
অভিনয়ের প্রতি ছেলের নিষ্ঠা ও একাগ্রতা নিয়েও কথা বলেছেন আমির খান। ‘মহারাজ’ সিনেমাতে ছেলের অভিনয় নিয়েও ইতিবাচক তিনি। আমির বলেন, আমি ‘মহারাজ’ দেখার সময়েই বুঝেছি— ও তৈরি হয়ে গেছে। ‘লাভইয়াপ্পা’ সিনেমাতেও ও গৌরবের চরিত্রে ভালো করেছে।
তবে ছেলের খুঁত ধরতেও দ্বিধাবোধ করেননি মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলেন, জুনায়েদের নাচের দিকে আরও মন দেওয়া উচিত। এদিকটায় জুনায়েদ তেমন দক্ষ নন। এ ছাড়া সংবাদমাধ্যমের সামনেও জুনায়েদ ভেবেচিন্তে খুব ব্যতিক্রমী ও বুদ্ধিদীপ্ত উত্তর দেন। অতিরিক্ত কথা বলেন না। এদিকে পুত্রকে আরও খোলামেলা হওয়ার পরামর্শ দেন অভিনেতা।
বিনোদন ডেস্ক





