
কাশ্মীরের পহেলগাঁও পর্যটকদের ওপর হামলার ঘটনা নাড়া দিয়েছে ভারতবাসীকে। এ ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানকেও। এই আবহে নিজের সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র পুনঃমুক্তি অনুষ্ঠানে যেতে পারেননি। এমনকি বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থাও নেই তার। এ ঘটনা এতটাই নাড়া দিয়েছে তাকে যে, বড় একটি সিদ্ধান্ত নিয়ে নিলেন অভিনেতা। কিন্তু কী সেটি?
সিনেমা ‘লাল সিংহ চাড্ডা’র ব্যর্থতার পর প্রায় বছর তিনেক প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মিস্টার পারফেকশনিস্ট । অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও পরিবারের সদস্যদের অনুরোধে ফের অভিনয়ে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন আমির খান। তার পরবর্তী সিনেমার নাম ‘সিতারে জমিন পার’। সিনেমার নাম শুনলেই মনে পড়ে যায় তারই হিট সিনেমা ‘তারে জমিন পার’-এর কথা। তবে কি সেই সিনেমার সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন সিনেমা?
মিস্টার পারফেকশনিস্ট বলেন, ‘আমার পরের সিনেমা ‘সিতারে জমিন পার’ আদপে ‘তারে জমিন পার’-এর মতোই একটি সিনেমা। তবে নতুন সিনেমাটি পুরোনো সিনেমার চেয়ে ১০ গুণ এগিয়ে।
তিনি বলেন, ‘তারে জমিন পার’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পার’ দেখে অবশ্য মজা পাবেন তারা। এই সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠান বেশ বড়সড়ভাবেই করার পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনা এখন স্থগিত রেখেছেন তিনি। কারণ টিমের তরফ থেকে জানানো হয়েছে— এ মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান করে আনন্দ উদযাপনের সময় নয়, তাই সবকিছু স্থগিত রাখা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রমতে, নিহতের সংখ্যা অন্তত ২৮ জন। হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছয়জন।
জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সেদিন জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কর্নাটকের মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাদের আক্রমণ করে তিন থেকে চারজন। তার স্বামীকে খুন করার পর ওই চারজনের একজন বলেন— তোকে মারব না, যা মোদিকে গিয়ে বল।
বিনোদন ডেস্ক
Leave a Reply