Home / Entertainment / নোরা ফাতেহির গানে অশ্লীলতার অভিযোগ, আইনি জটিলতায় সিনেমা

নোরা ফাতেহির গানে অশ্লীলতার অভিযোগ, আইনি জটিলতায় সিনেমা

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের এই গানটির কথা এবং দৃশ্যায়নকে ‘অশ্লীল’ ও ‘দ্ব্যর্থবোধক’ আখ্যা দিয়ে ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে।

পরিস্থিতি এতটাই বেগতিক যে, গানটি এখন আইনি লড়াইয়ের মুখে পড়েছে এবং এর প্রেক্ষাপটে নির্মাতারা ইউটিউব থেকে গানটির হিন্দি ও কন্নড় সংস্করণ সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

গত ১৫ মার্চ গানটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সমালোচনার সৃষ্টি হয়। গীতিকার রকিব আলমের লেখা গানের কথাগুলোকে অনেকেই ‘কুরুচিপূর্ণ’ ও ‘অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন। এছাড়া গানে নোরার নাচ এবং সঞ্জয় দত্তের অঙ্গভঙ্গিকে ‘উস্কানিমূলক’ ও ‘শালীনতাহীন’ হিসেবে দেখা হচ্ছে।

পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক সামাজিক মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করে একে বাণিজ্যিক গানের ‘চরম অবনতি’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

গানটি নিয়ে বিতর্ক কেবল অনলাইন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, গড়িয়েছে আদালত পর্যন্ত। দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) গানটিতে আপত্তিজনক কনটেন্ট ব্যবহারের অভিযোগে ইতোমধ্যে নোটিশ জারি করেছে।

সমাজকর্মী ও আইনজীবী বিনীত জিন্দাল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে গানটি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

এদিকে দিল্লির সাইবার সেলে এই গানের নির্মাতা, গীতিকার এবং সংগীতশিল্পীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএসএস)  এবং পকসো (পওসিএসও) আইনের ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পরিচালক প্রেম-এর এই প্যান ইন্ডিয়া সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে অনেক আগে থেকেই আগ্রহ ছিল। ১৯৭০-এর দশকের বেঙ্গালুরুর আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে এই অ্যাকশন ড্রামাটি নির্মিত। ছবিটিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, নোরা ফাতেহি, শিল্পা শেঠি, যিশু সেনগুপ্ত প্রমুখ।

এ বছরের ৩০ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *