এক দশক আগে ২০১৩ সালে ‘আপসহীন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক হিসেবে এটি তৈরি হচ্ছিল; কিন্তু কয়েক দিন শুটিংয়ের পর ছবিটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
rnrn
কয়েক দিন আগে শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎ প্রকাশ্যে আসে খালেদা জিয়ার সেই বায়োপিক মুক্তির খবর। এতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে ছিলেন হেলাল খান।
rnrn
শনিবার সন্ধ্যায় ছবিটির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী ও প্রযোজক হেলাল খান জানালেন, খালেদা জিয়ার বায়োপিক মুক্তির খবরটি একেবারেই ভিত্তিহীন।
rnrn
হেলাল খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ ছবির মুক্তির খবরটি কয়েকটি অনলাইন, ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক। এমনকি এই ছবির শুটিংই তো শেষ হয়নি।
rnrn
তিনি জানালেন, শুটিংয়ের সময়ের কথা খুব একটা মনেও নেই। তবে যত দূর মনে পড়ে, ওই সময় এফডিসিতে ৫-৭ দিন আমরা শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শুনলাম ‘আপসহীন’ মুক্তি পাচ্ছে! আচমকা এমন খবরে আমি তো অবাক, একই সঙ্গে বিব্রতও হয়েছি।
rnrn
‘আপসহীন’ প্রসঙ্গে হেলাল খান বলেন, বায়োপিক নির্মাণ নিয়ে ২০১৩ সালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার ভাই ও আমি পরিকল্পনা করেছিলাম। তখন কিছু শুটিংও করা হয়েছিল। ওই সময় রাজনৈতিক মামলায় আমি গ্রেফতার হই। ফলে বায়োপিক নির্মাণ বন্ধ হয়ে যায়, এরপর আর কখনো শুটিং হয়নি।
rnrn
তিনি বলেন, এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে এসেছে- ‘আপসহীন’ বায়োপিকটি নির্মিত হয়েছে। যদি এমনটাই হতো, তাহলে তো ওই সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নিবন্ধন করা হতো, যা কখনই করা হয়নি।
rnrn
২০২২ সালের ৪ সেপ্টেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার মারা যান।
rnrn
অভিনেতা বলেন, এসব পটপরিবর্তনের কারণে আর কখনো বায়েপিক নির্মাণের বিষয়ে আমি চিন্তাভাবনা করিনি। কাজেই বায়োপিক মুক্তির বিষয়টি মিথ্যা, গুজব, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত।
rnrn
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার বলেন, ২০১৩ সালে শুনেছিলাম ‘আপসহীন’ নামে একটি বায়োপিক হচ্ছে, যা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী নিয়ে।
rnrn
সরফরাজ বলেন, মুক্তি নিয়ে যে কথা হচ্ছে, এ ব্যাপারেও আমার কারও সঙ্গেই কোনো কথা হয়নি। এ সিনেমা মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনাও আমাদের নেই, আমার বক্তব্য অন্যায়ভাবে উদ্ধৃত করা হয়েছে। এই ছবির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
বিনোদন ডেস্ক





