
জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। গানের পাশাপাশি এক সময় অভিনয় করতেন। উপস্থাপনাও করতে দেখা যেত তাকে। বাংলাদেশ টেলিভিশনের ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি।
একটানা তিন বছর অনুষ্ঠনটি করার পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ফের ১৫ বছর পর অনুষ্ঠানটি আবারও শুরু হচ্ছে। এর মধ্য দিয়েই দেড় দশক পর উপস্থাপনায় ফিরছেন আগুন। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
এসব পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগতিশিল্পী খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। আগামীকাল বিকাল ৫টা ৩০ মিনিটে বিটিভির পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানিয়েছেন আগুন।
তিনি বলেন, ‘দেড় দশক পর উপস্থাপনায় ফিরতে পেরেছি, সেজন্য বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতগুলো বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল। শিল্পীরা কাজ করতে পারেনি। একটি কথা স্পষ্ট বলতে চাই, শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতি প্রচলিত আছে তা চিরতরে বন্ধ করতে হবে। শিল্পীদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশের সংস্কৃতি ধ্বংস হবে।
তিনি আরও বলেন, আমরা তা কখনোই চাই না। আর কোনো শিল্পী যেন কখনো কালো তালিকাভুক্ত না হয় সেটিই চাইব। সবাই যেন তাদের কাজটি স্বাধীনভাবে করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ শিল্পীর বিকাশই ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। শিল্পীরা একই পরিবারের। এখানে কোনো বিভাজন কাম্য নয়।’
বিনোদন ডেস্ক





