Home / Entertainment / দুই জেনিফারের মাঝে পড়ে বিপাকে হলিউড অভিনেতা

দুই জেনিফারের মাঝে পড়ে বিপাকে হলিউড অভিনেতা

বছরখানেক আগে জেনিফার লোপেজ়ের সঙ্গে সংসার পেতেছেন হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকে। তার আগে ১৩ বছর ধরে সংসার করেছেন জেনিফার গার্নারের সঙ্গে। বেন অ্যাফ্লেকের জীবন যেন জেনিফারময়। তবে দুই জেনিফারের মাঝে পড়ে বিপাকে হলিউডের অন্যতম ‘ব্যাটম্যান’। 

সূত্রের খবর, সাবেক জেনিফারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলে নাকি বর্তমান স্ত্রী জেনিফারের সঙ্গে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে বেনের। এমনকি সেই কথা কাটাকাটি নাকি এখন বাড়ির চার দেয়াল ছাড়িয়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গাড়িতে বসেও নাকি একে অপরের সঙ্গে সমানে ঝগড়া করছিলেন হলিউডের জনপ্রিয় এ জুটি।

হলিউড অভিনেত্রী ও জনপ্রিয় পপ তারকা জেনিফার লোপেজ়ের সঙ্গে কয়েক বছর প্রেমের পর ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বেন। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তত দিনে তিন সন্তানের মা-বাবা তারা। 

বিচ্ছেদের পরও তিন সন্তানকে সময় দেওয়া নিয়ে কোনো বিরোধ নেই সাবেক দম্পতির মধ্যে। গত মাসেই লস অ্যাঞ্জেলেসে মেয়ে সেরাফিনার সঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছিল সাবেক যুগলকে। গাড়িতে বেনের পাশেই বসেছিল সেরাফিনা। মেয়ের সামনেই সাবেক স্ত্রীর সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বেনকে। 

তখনই গুঞ্জন ওঠে— তবে কি বর্তমান স্ত্রী জেনিফার লোপেজ়ের সঙ্গে আর বনিবনা হচ্ছে না বেনের? সামাজিক মাধ্যমের পাতায় বেন ও জেনিফারের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তেই ‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সমালোচনায় নেমে পড়েছিলেন নেটিজেনরা। সেই ঘটনার প্রভাবই কি এখন পড়ছে বেনিফারের সংসারে? সাবেকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলেই নাকি রাগে ফুঁসছেন বেনের বর্তমান স্ত্রী।

২০০২ সালে ‘জিজি’ ছবির সেটে জেনিফার লোপেজ়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ বেনের। ওই ছবির সেটেই পরস্পরের প্রেমে পড়েন তারা। ২০০৩ সালে বিয়ে করারও কথা ছিল তাদের। যদিও সংবাদমাধ্যমের অতিরিক্ত হুল্লো়ড়ের জেরে নাকি বিয়ে পেছাতে বাধ্য হন বেন ও জেনিফার। ২০০৪ সালে বেনের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন জেনিফার লোপেজ। পরে ২০০৫ সালেই জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ১৩ বছরের সংসারের পর ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

২০২১ সালে ফের জেনিফার লোপেজের সঙ্গে প্রেমের জল্পনা শোনা যায় বেনের। বছরখানেক প্রেমের পর ২০২২-এ জেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। জেনিফার গার্নারের সঙ্গে ফের ঘনিষ্ঠতা বাড়ার পর জেনের সঙ্গে বেনের দ্বিতীয় ইনিংসও কি শেষ হবে?

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *