Home / Entertainment / দীপিকার অতীত প্রেমের কথা জানালেন পুরোনো প্রেমিক

দীপিকার অতীত প্রেমের কথা জানালেন পুরোনো প্রেমিক

আমরা তখন ছোট ছিলাম। খুব সাধারণ জীবন কাটাতাম। বর্ষার দিনে রিকশায় করে ডেটে যেতাম। কারণ, বড় কোনো জায়গায় যাওয়ার সামর্থ্য আমাদের ছিল না। কিন্তু মনে আনন্দের কমতি ছিল না। এসব কথা বলছিলেন মুজাম্মেল ইব্রাহিম। 

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে নিজের পুরোনো প্রেম নিয়ে কথা বলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছোটবেলার এ প্রেমিক। 

মুজাম্মেল একজন ভারতের মডেল-অভিনেতা। কম জনপ্রিয়তা থাকায় অনেকে তাকে চেনেন না। 

২০০০ সালের শুরুতে মুম্বাইতে আসেন দীপিকা পাড়ুকোন। সেখানে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ওই সময়ে মুজাম্মেলও কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন মডেল হিসেবে। মুম্বাইতে একটি ফ্যাশন শোতে দীপিকার সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে দুজনের ভালো বন্ধুত্ব।

এ বিষয়ে মুজাম্মেল জানান, তাদের সম্পর্ক যখন শুরু হয়, তখন থেকে দুজনেই নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। এমনকি দুজনেই নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু সেই সময়টা ছিল ভালোবাসা আর আন্তরিকতায় ঘেরা। 

স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে মুজাম্মেল বলেন, তখন আমার দীপিকার চেয়ে একটু বেশি টাকা ছিল। আমি সবেমাত্র একটু ভালো উপার্জন করা শুরু করেছি। পরে একটা গাড়ি কিনি। তখন দীপিকা খুব খুশি হয়েছিলেন। তারপর থেকে আর কখনো রিকশায় চড়িনি।

 দীপিকার জন্মদিনের একটি ঘটনা উল্লেখ করে মুজাম্মেল বলেন, একবার দীপিকার জন্মদিনে আমরা দুজনে ডিজে পার্টিতে যাই। তখন আমি ডিজেকে শুধু দীপিকার প্রিয় গান বাজাতে বলি। ডিজে সেদিন এক থেকে দেড় ঘণ্টা ধরে শুধু একটা গানই বাজিয়েছে। কারণ, ওই গান দীপিকার প্রিয় ছিল। টাকা না থাকলেও ডিজে ওর প্রিয় গানটা বাজাতে থাকে। কারণ, আমি ডিজের বন্ধু।

কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মুজাম্মেল বলেন, দীপিকাই প্রথমে আমাকে প্রপোজ করেছিল। তবে সম্পর্ক শেষ হয়েছে আমার সিদ্ধান্তে। 

কেন এই সিদ্ধান্ত? জানতে চাইলে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না এবং এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। সম্পর্কটিকে আমার প্রথম সিরিয়াস সম্পর্ক বলেই মনে করি।

তিনি বলেন, দীপিকা এখন বলিউডের শীর্ষ তারকাদের একজন। তিনি এখন সুপারস্টার, সবাই তাকে চেনে। আমাকে কেউ চেনে না। কিন্তু আমি গর্ব করি। কারণ, আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম; দুজনে একসঙ্গে কঠিন সময় পার করেছি।

জানা যায়, ২০০৩ সালে গ্ল্যাডরর‌্যাগস ম্যানহান্ট ইন্ডিয়া জিতে মুজাম্মেল অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে ধোঁকা নামে ছবিতে অভিনয় করেন। এরপর ‘হর্ন ওকে প্লিজ’, ‘উইল ইউ মেরি মি?’ এর মতো কিছু ছবিতে দেখা যায় তাকে। সর্বশেষ ২০২০ সালের ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এ তার দেখা মিলেছে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রী। দেশের গণ্ডি পেরিয়ে তিনি হলিউডেও কাজ করেছেন। 

এখনো দীপিকার সঙ্গে যোগাযোগ আছে কি না এমন প্রশ্নে মুজাম্মেল বলেন, সম্পর্ক শেষের পরেও আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। মাঝেমধ্যে আমাদের একে অপরের সাফল্যে অভিনন্দন জানাতাম।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *